লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মঙ্গল শিকদার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী অতি নিকটবর্তী এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ডের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি আটক করে মঙ্গল শিকদার ঘাটে নিয়ে আসা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪ ধারা অনুযায়ী ড্রেজার মালিক পিরোজপুরের মো. রাজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ওই ড্রেজার দিয়ে নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হবে না—এ মর্মে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে ড্রেজার ভাড়া এনে স্থানীয় একটি চক্র মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ও আশপাশের জনপদ ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক ঘোষণা দিয়েছেন, লালমোহনে কোনো ধরনের অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনারও আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, শুধু জরিমানা আদায়ের মধ্যেই অভিযান সীমাবদ্ধ না রেখে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করে নদী ও জনপদ রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
