সর্বশেষঃ

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির

ভোলায় জামাই বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৬০) নামে সাত সন্তানের এক জননী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের মহাজনের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসেম সর্দারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পশ্চিম ইলিশা থেকে ইজিবাইকে করে বাপ্তা মহাজনের পোল এলাকায় জামাই ইউছুফের বাড়িতে বেড়াতে যান মনোয়ারা বেগম। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় সন্ধ্যায় সেখানে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

বিকেল ৫টার দিকে ইজিবাইক থেকে নেমে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।