নিরাপদ খাদ্য নিশ্চিত করণের দাবিতে ভোলায় স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥
প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা লিপিবদ্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের দাবিতে খাদ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকালে ভোলায় জেলা খাদ্য কর্মকর্তা সরোয়ার আমিন সনির মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাই রাইট’ এর উদ্যোগে গত শনিবার একই দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা “মাই রাইট, ভোলা’র নির্বাহী প্রধান শেখ ফরিদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরণ, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন।
এ সময় মাই রাইট এর নির্বাহী প্রদান শেখ ফরিদ বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়, এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
