বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এতে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন,ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মির্জাখালু নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহে আলম,উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বোরহানউদ্দিনের মৎস্যজীবী ও চাষিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি বলেন, জলাশয় দখল, অবৈধ জাল ব্যবহার এবং মা ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। প্রাকৃতিক জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষা করা গেলে ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বাড়বে এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নত হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা তার বক্তব্য বলেন,মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলা,অবৈধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং জলজ পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে মৎস্য খাতে অবদান রাখায় নির্বাচিত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
