সর্বশেষঃ

লালমোহনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ভোলার লালমোহনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সোমবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশ নেওয়া ছয়টি নার্সারির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা সহকারী বনরক্ষক মো. মনিরুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। সবুজ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সোলায়মান জমাদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ এবং লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মেলায় এসে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেখার পাশাপাশি নিজেদের প্রয়োজন অনুযায়ী চারা সংগ্রহ করছেন।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী এ বৃক্ষমেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।