এমপি হাফিজ ইব্রাহিমকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে : বোরহানউদ্দিন উপজেলা বিএনপি

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য (এমপি) হাফিজ ইব্রাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করে জামায়াত সাইবার ক্রাইম করছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন ও দৌলতখান পৌরসভার ইজারা সংক্রান্ত দু’টি বক্তব্যকে খন্ডিত ও অপব্যাখ্যা করে জামাত জাতিয় নির্বাচনে ভরাডুবির পর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করছে বলেও উল্লেখ করা হয়। রবিবার (২ আগস্ট) দুপুরে বোরহানউদ্দিন প্রেসক্লাবে সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের সরকারি টেন্ডার এবং দৌলতখান পৌরসভার টোল, ইজারা নিয়ে এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামীর সমর্থকরা নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় নির্বাচনকে টার্গেট করে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, টোল, ইজারা পৌরসভার একটি বৈধ রাজস্ব খাত। এই আয় থেকে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে বালু উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে ভূমি ও নৌ-মন্ত্রণালয়ের অধীন এবং এর সঙ্গে সংসদ সদস্যের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ভাষ্য, প্রায় দুই মাস আগে দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
বিএনপির নেতা সরোয়ার আলম খান আরও বলেন, এমপি হাফিজ ইব্রাহিম তাঁর বক্তব্যে কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে মত দেননি। বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে সরকার নির্ধারিত নিয়ম ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কাটা-ছেঁড়া ভিডিও বা আংশিক বক্তব্য দেখে মন্তব্য না করে সম্পূর্ণ বক্তব্য শুনে বিষয়টি যাচাই করার জন্য। একই সঙ্গে তারা গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সেলিম, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. মাকসুদুর রহমান বলেন, সাইবার বুলিং নয় বরং প্রকৃত সত্যতা জনগণকে জানানোর চেষ্টা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।