বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতা আরমানের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ভোলার দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার এসআই প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফারুকের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) এবং একই এলাকার মো. রিয়াদ (২৮)।
পুলিশের দাবি, তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ছাড়া ইয়াবা বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।
দক্ষিণ আইচা থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে দক্ষিণ আইচাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। তবে এই দাবির স্বাধীন কোনো যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
