সর্বশেষঃ

ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত মো. ফিরোজ জামাদ্দার (৫৫) সহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এর আগে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ চারজনকে আটক করে কোস্ট গার্ডকে খবর দেয়। পরে কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
আটকরা হলেন-দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), পিতা: কালু কাজী; একই এলাকার মো. ইব্রাহিম (২৫), পিতা: জাহাঙ্গীর কাজী; ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার মো. কামাল (৩০), পিতা: মৃত সাইদুল হক; এবং দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ এলাকার কুখ্যাত ডাকাত মো. ফিরোজ জামাদ্দার (৫৫), পিতা: ওবায়দুল হক।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।