ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদরাসায় মাসকুল কুরআন কর্মশালা ও সবক প্রদান অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলার বাণী
ভোলার ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদরাসায় মাসকুল কুরআন কর্মশালা, অভিভাবক মতবিনিময় সভা এবং নাযেরা ও হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি, দোয়া ও নৈতিক মূল্যবোধ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্জ মাওলানা মুহাম্মদ ইসরাফিল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক শায়খ ক্বারী আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ভোলা গোরস্থান মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্জ আতাউর রহমান মোমতাজি এবং জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্জ জামাল উদ্দিন চকেট।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আরিফ বিন বাশার, হাফেজ মুহাম্মদ ফাহিম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার অগ্রগতি, নিয়মিত অনুশীলন, নৈতিক শিক্ষা এবং পারিবারিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠিত হয় সবক প্রদান পর্ব। এতে ১৩ জন ছাত্র ও ৫ জন ছাত্রীকে হিফজ বিভাগের এবং ৩ জন ছাত্রীকে নাযেরা বিভাগের আনুষ্ঠানিক সবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দুনিয়া-আখিরাতের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
