সর্বশেষঃ

‘মোস্ট ইমপ্যাক্টফুল’ প্রতিষ্ঠানের সম্মাননা পেল পিকেএসএফ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে অর্থবহ ও দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট ইমপ্যাক্টফুল’ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে পিকেএসএফ। ব্র্যাক ব্যাংক পিএলসি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর যৌথ উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। গত ৫ জুলাই রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা উপলক্ষে পাঠানো এক অভিনন্দন বার্তায় ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদ বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পিকেএসএফ-কে সম্মানিত করতে পেরে তারা গর্বিত। আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অগ্রগতিতে অনন্য ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করে আসছে বলেও তারা উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, এ স্বীকৃতি পিকেএসএফ-কে জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “এ সম্মাননা দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের গৃহীত কার্যক্রম আরও বেগবান করতে প্রেরণা জোগাবে। এ লক্ষ্য বাস্তবায়নে পিকেএসএফ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোট ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।