সময় উপযোগী বাজেটকে অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
লালমোহনে জেলের জালে ধরা পড়লো ৩ কেজির ‘রাজা ইলিশ’

স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়ৎদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালকুদার। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকার কোবখালী মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরে আলম মাঝি ৮ জন মাঝিমাল্লাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। মাছ ধরার একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির এই ইলিশটি। পরে মাছটি ঘাটে নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার আগ্রহ তৈরি হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ আড়তদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালুকদার। তিনি জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া গেলে কয়েক হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সফলভাবে অভিযান পরিচালনার ফলে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি বেড়েছে। জেলেরা যদি নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রম আরও আন্তরিকভাবে মেনে চলেন, তাহলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও আকার দুটোই আরও বৃদ্ধি পাবে। স্থানীয়দের মতে, মৌসুমের শুরুতেই এত বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।
