মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, অফিস বন্ধ করেছে পুলিশ
ভোলায় গ্যাস উত্তোলন ও সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বুধবার (২৪ জুন) স্পিকারের কার্যালয়ে সাক্ষাতকালে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। এই চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় তিনি ভোলা জেলার প্রাকৃতিক গ্যাসসম্পদকে কাজে লাগাতে গ্যাস উত্তোলন কার্যক্রম সম্প্রসারণ এবং সার কারখানা স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
স্পিকার আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইলেকট্রনিক পণ্য আমদানিতে শুল্কসুবিধা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে ইলেকট্রনিক শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এ খাতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
