সর্বশেষঃ

চরফ্যাশনে ৪০ কৃষকের মাঝে ১০ হাজার ফলের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভোলার চরফ্যাশনে ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের বাণিজ্যিক ফলচাষে উদ্বুদ্ধ করতে ৪০ জন কৃষকের মাঝে প্রায় ১০ হাজার ফলের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ‘টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ কার্যক্রম বাস্তবায়ন করে। এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচিত ৪০ জন কৃষকের প্রত্যেককে মিশ্র ফলবাগান স্থাপনের জন্য আম, কুল ও লেবুর চারা দেওয়া হয়েছে। প্রতি কৃষককে ২৫০টি করে চারা সরবরাহ করা হয়। সব মিলিয়ে প্রায় ১০ হাজার ফলের চারা বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ফলবাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি উপকরণও কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে জৈব ও রাসায়নিক সার, স্প্রে মেশিন, বালাইনাশক, বাগান সুরক্ষার জন্য বেড়ার নেটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন। এ সময় ফলবাগান ব্যবস্থাপনা, পরিচর্যা এবং আধুনিক ফলচাষ প্রযুক্তি বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, চরাঞ্চলে বাণিজ্যিক ফলচাষ সম্প্রসারণ, কৃষকের আয় বৃদ্ধি এবং পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা পূরণেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।