ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুকে ঘিরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সুপারের
ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুকে ঘিরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টার ॥
ভোলা শহরের উকিল পাড়ার একটি ফ্লাট বাসায় গৃহবধূ মিতুর মৃত্যুকে ঘিরে সামাজি যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। গতকাল বুধবার (১০জুন) দুপুরে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিং এ কথা জানান তিনি।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ৩জুন খবর পেয়ে ভোলা শহরের উকিলপাড়া একটি বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামের এক গৃহবধূর মরদেহ তার বাবা-মা ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে উদ্ধার করে। এ সময় মিতুর স্বামী মো. সোহাগসহ শ^শুর বাড়ির লোকজন পলাতক ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাতে পারে মিতুর মরদেহটি প্রথমে একটি রুমে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে তার শ^শুর বাড়ির লোকজন সেটি নামিয়ে খাটে রেখে মিতুর বাবা-মাকে খবর দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মিতুর বাবা বাদী হয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, স্বামী সোহাগের সাথে মিতুর দীর্ঘ দিন ধরে ঝগড়া বিবাদ হতো এবং মিতুকে নানা সময়ে নির্যাতন করতো। এ ঘটনায় মিতুর বাবা মো. বশির আহমেদ বাদী হয়ে মিতুর স্বামী, শ^াশুরী ও ননদসহ চারজনের নামে মৃত্যুর প্ররোচনার একটি মামলা দায়ের করেন। এ মামলাটি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। এরই মধ্যে মিতুর মা মিতুকে হত্যা করা হয়েছে মর্মে আদালতে আরেকটি অভিযোগ দাখিল করছেন। একদিকে মিতুর বাবা মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা করেছে অপরদিকে মিতুর মা আদালতে হত্যা মামলা করেছেন। তাই মিতুর মৃত্যুতে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না ভোলা সদর মডেল থানার ওসির কাছে আদালত বিষয়টি জানতে চেয়েছেন। এদিকে মামলার তদন্ত চলাকালিন সময়ে ফেসবুকে মিতুকে হত্যা করা হয়েছে বলে নানা ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। তদন্ত শেষ না হতে মিতুর মৃত্যু নিয়ে কাউকে ভিভ্রান্ত না হওয়ার আহবান জানান পুলিশ সুপার।
এছাড়াও মিতুর ময়নাতদন্তের রিপোর্টের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে দ্রুত মিতুর মৃত্যুর বিষয়ে পুলিশের তদন্ত রিপোর্ট দেওয়া হবে। একই সাথে মিতুর মায়ের আদালতে দায়ের করা মামলার বিষয়ও গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ভোলার শহরের উকিল পাড়া একটি ভাড়া বাসার পাঁচতলার একটি ফ্লাট থেকে মিতুর মরদের উদ্ধার করে পুলিশ। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো.বশির আহমেদের মেয়ে। পরে ভোলা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
