মাদক দ্বন্দ্বে শশীভূষণে কুপিয়ে হত্যা

শশীভূষণ সংবাদদাতা ॥
ভোলা চরফ্যাশনে নিজ বাড়ির সামনে মো. আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো ঐ এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাড়ি সংলগ্ন কলেরহাট রাস্তার মাথায় অবস্থান করছিলেন ভুট্টো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পাশ্ববর্তী স্থানে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে রহিমা জানান, তার পিতা ভুট্টো মাদকাসক্ত। মাদকের জন্য একই এলাকার বেলাল, আমজাদ এবং সম্রাটকে ৪ হাজার টাকা দিয়েছিল তার ভাই আমির হোসেন। টাকা নিয়ে মাদক না দেয়ায় এ নিয়ে আমির হোসেনের সঙ্গে তাদের বিরোধ হয়। শুক্রবার আমির হোসেনকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। ছেলের উপর হামলার প্রতিবাদ করেন পিতা। তার দাবি এ ঘটনার জের ধরে তার পিতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।