ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম
ইসলামের পক্ষে সবার উচিত একক প্ল্যাটফর্মে এসে একটি প্রতীকে ভোট দেয়া

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, যারা ইসলামী শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, তারা যদি বিভক্ত থাকে, তাহলে ইসলামবিরোধী শক্তিই লাভবান হবে। ইসলামের পক্ষে থাকা সবার উচিত একক প্ল্যাটফর্মে এসে একটি প্রতীকে ভোট দেয়া। দেশ, মানবতা ও ইসলাম-এই ৩টি মূলনীতি সামনে রেখে আমাদের আগামী নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার রাতে দৌলতখানে মুজাহিদ কমিটির উদ্যোগে এক ইসলামি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের রাজনীতি কেবলমাত্র নির্বাচনী ক্ষমতার জন্য নয় বরং তা এক আদর্শিক জাগরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের দুঃখ-কষ্ট ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিকল্প একটি প্ল্যাটফর্ম। আমরা চাই বাংলাদেশে ইনসাফভিত্তিক ইসলামি শাসন কায়েম হোক, যেন মানুষ শান্তি ও ন্যায়বিচার পায়।
রেজাউল করিম আরও বলেন, বাংলাদেশে বহু ইসলামী দল, সংগঠন ও আলেম-উলামা রয়েছেন। তাদের মধ্যে যদি ইসলামের পক্ষে একক ভোটের ঐক্য না হয়, তবে তা হবে ইসলাম ও মানবতার ক্ষতি। আজকের মাহফিল থেকে ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে।
দৌলতখানের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে উপস্থিত ছিলেন। বক্তৃতার সময় পীর সাহেব সকলের প্রতি ইসলামি আন্দোলনে অংশ নেয়ার এবং দীন প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়াও মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ভোলা-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতি মোঃ রেযাউল কারীম বুরহানী। অনুষ্ঠানের শেষে ভোলা-২ আসনের প্রার্থীকে হাত পাখা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণায় জনগণের কাছে আমানত সোপার্দ করেন।
