সর্বশেষঃ

জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৩৪

[ ড. টি. এন. রশীদ ]

(গত পর্বের পর) : দিন তারিখ ঠিক করা হয়েছিল। বিধির বিধান বোঝা বড় কঠিন। ভাদ্র মাসে সে মারা গেল। সে দুঃখ কষ্ট আজও সাব রেজিস্ট্রার ও তাঁর স্ত্রীর মনে দাগ কেটে আছে, একমাত্র রেশমী তাও যদি চলে যায়, তাহলে তারা কি নিয়ে থাকবে। সাব রেজিস্ট্রার সাহেব যেন স্বপ্ন দেখছিল তাঁর মেয়ে জোনাকীকে নিয়ে। জোনাকী ছিল তেমনি সুন্দর, চাঁদকে যেন হার মানিয়ে দিত। কালো ডাগর ডাগর দু’টি চোখ- জোড়া ভ্রু, উচু চিকন নাক, রক্তের মত লাল ঠোঁট দু’টি তাকে অপরূপ মনে হতো- চুল ছিল কালো মেঘের মত, একটা বেণী হাঁটুর কাছে সব সময়ে দুলত- সব সময়ে নেচে নেচে বেড়াত, তার অনেক হাঁস-মুরগী ছিল, পোষা মুরগীদের কান ফুড়িয়ে দুল পড়িয়ে দিত। কেউ তার মুরগী জবাই করতে। পারত না।
রেশমীর মা দেশের বাড়ীতে গিয়েছিল- সেখানে তার এক দাদী- তার এক নাতীর জন্য জোনাকীর বিয়ের প্রস্তাব দিয়েছিল। এমনকি তার হাত ধরে প্রতিজ্ঞা করেছিল যে ভাবে হোক এ ছেলেকে মানুষ করে জোনাকীকে বিয়ে দিতে হবে। রেশমীর মা দেশের বাড়ী থেকে ফিরে এসে রেশমীর বাপকে জানালেন এ প্রতিজ্ঞার কথা। ছেলেটির নাম কাজল- সুন্দর হেংলা চেহারা। বাবা-মা নেই, সে তার মামার কাছে থেকে লেখা পড়া করছে। মামা সামান্য বেতনভুগী একজন কেরানী। ছেলেটা তখন এম.এ পড়ে। মাঝে মাঝে ছুটি পেলে সে জোনাকীদের বাড়ী আসত আর তাকে দেখে জোনাকী ছুটে পালাত। অনেক সময় জোনাকী খেলাঘরে বসে রান্না করত পোলাও, জরদা, কোরমা। জোনাকীদের চাকর, এরাদ আলী গিয়ে বলত ভাইজান বুবু ডাকছে ভাতটার মার গেলে দিতে। কাজল ভাবত সত্যিই বুঝি কাজল বাড়ীর ভিতরে আসত, জোনাকী ছুটে পালাত কাজল লজ্জা পেয়ে ফিরে যেত।
দুপুরের দিকে রান্না হয়ে গেলে, নানী শাড়ী পড়ে নাকে নোলক দিয়ে, পায়ে মল বাজিয়ে কোমড়ে বিছা পড়ে পান খেয়ে ঠোঁট লাল করে মাজা দুলিয়ে সারা রাস্তা ঘুরে বেড়াত- রাস্তার ছেলে বুড়ো সকলে তার পিছু লাগত। সকলেই তাকে নিয়ে হাসত। নানীর অনেক গুণ ছিল। ভাল রান্না করতে পারত, ভাল পিঠা তৈরী করত, ভাল চুলো তৈরী করতে পারত। আশ্বিনের পুঁজার ঢোল যখন বাজাত নানীকে আর খুঁজে পাওয়া যেত না। সেই কয়েক দিন নানী উধাও, নানীর আর পাত্তাই নেই। পুঁজা শেষ হয়ে গেলে আবার মিষ্টি মিষ্টি কথা বলে নানী হেসে দুলে আসত। রেশমী তখন নবজন্তা, চল্লিশ দিন হবে। রেশমির মা আতুর ঘরে। নানী জানি কোথাও ঢোলের বাড়ী শুনে ছিল, সে তখন ধাওয়া করেছে তার পিছু, জোনাকীর অল্প সম্মি জ্বর ছিল তা নিয়ে সে বাবার অফিসের ভাত পাক করল, মায়ের আতুর ঘরের রান্না করে দিল। বিকালের দিকে জোনাকীর খুব জ্বর এল দু’তিন দিন জ্বরে ভোগার পর ডাক্তার জানাল জোনাকির নিউমোনিয়া ও টাইফয়েড। সকলেই ব্যস্ত হয়ে উঠল, জ্বর দিন দিন বেড়ে চলল। সাব রেজিস্ট্রার সাহেব অজস্র টাকা খরচ করতে লাগলেন কিছুতেই কিছু হল না। শেষ পর্যন্ত জোনাকীর কথাও বন্ধ হয়ে গেল- তবুও জোনাকী ইশারায় মাকে ডাকত। বলত নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে মুড়ি দিতে খাবে। মার দু’চোখ দিয়ে পানি গড়িয়ে পরত। মা বলতেন খাবে বৈকি মা ভাল হয়ে উঠবে।
জোনাকীর অবস্থা খারাপের কথা শুনে কাজল তাকে দেখতে এসেছিল। কাজল এসে বাহিরে বসেছিল। সাব রেজিস্ট্রার সাহেব তাকে জোনাকীর কাছে ডেকে এনেছিলেন। জোনাকী তাকে দেখতে পেয়ে লজ্জায় মাথায় ঘোমটা টেনেছিল। সাব রেজিস্ট্রার সাহেব এ দৃশ্য দেখতে না পেরে উঠে চলে গেলেন। দিনদিন জোনাকীর অবস্থা খারাপের দিকে চলল। অসুস্থতার মেয়াদ তখন। আঠারো দিন হবে। ডাক্তার বলে গেল আজ একটু ভাল মনে হয়। জোনাকীর একটু ঘুম এসেছিল। কাজল কাছে কোন দীঘীতে গোসল করতে গিয়েছিল।
জোনাকী মা মা করে ডেকে উঠল- মা দৌড়ে এলেন কি মা? যে মেয়ে দশ দিন কথা বলে না- সে ডাকছে কি আনন্দ আনন্দ আর ধরে না। মা দৌড়ে এলেন জোনাকী দূরে জানালার দিকে কি যেন দেখিয়ে দিল। মা বলল, কৈ আমিত কিছুই দেখতে পাচ্ছি না। জোনাকী ছেলে মানুষের মত মুখ লুকালো। মা মুখ টেনে তুললেন, দেখল চোখের মনি ঘুরছে। মা চিৎকার করে কেঁদে উঠল। বাবা দৌড়ে এলেন, তিনি তখন খবরের কাগজ পড়ছিলেন মা মেয়ের মুখে একটু পানি দিলেন। মায়ের হাতে শেষ পানি খেয়ে জোনাকী শেষ নিঃশ্বাস ছাড়ল। কাজল তখন কেবল দীঘিতে নাইতে নেমেছে। এমন সময় খবর পেল জোনাকী শেষ নিঃশ্বাস ছেড়েছে। সে গোসল না সেরে ভিজা কাপরে চলে এলো দেখলো মা-বাবা দু’জনই জোনাকীকে কোলে করে দু-পাশে দু’জন শুয়ে আছে। সাব রেজিস্ট্রার সাহেবের চিন্তা ভেঙ্গে গেল। না-না একে নিও না খোদা একে ফিরিয়ে দাও- রেজা ছিল সামনে দাড়িয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন।

(চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।