সর্বশেষঃ

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, ওসির প্রত্যাহার দাবী

দৌলতখানে সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা ॥ নিন্দার ঝড়

আশরাফুল আলম সজিব ॥ ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহকালে বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ’র উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) ভোলা প্রেসক্লাব, ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ভোলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের প্রত্যাহার ও বিচার বিভাগীয় শাস্তি দাবি করে, মামলা না নিয়ে অসহযোগিতার বর্ণনাদেন আহত সাংবাদিক নাসির উদ্দিন লিটন।
তিনি বলেন, আমি আহত হওয়ার পর থানায় গিয়ে ওসির কাছে আইনি সহযোগিতা চেয়েছি। তিনি তা না করে তার মন মত আমার কাছ থেকে সাধারণ ডায়েরি রেখে আমাকে পাঠিয়ে দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থানরত ছিল। দৌলতখান ওসির এ ধরনের প্রতারণামূলক বিএনপি নেতার পক্ষ অবলম্বন করায় তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
ওসির প্রত্যাহার ও সন্ত্রাসী বিএনপি নেতা দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী রাসেলেসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার দাবি করে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদাত শাহিন, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ভোলা মিডিয়া হাউজের সভাপতি জামাল উদ্দিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এ ঘটনায় সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা ঘটনার সাথে জড়িতের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।


উল্লেখ্য, ২২ আগস্ট শুক্রবার দৌলতখান উপজেলায় ভবানীপুর ইউনিয়নে সরকারের দেওয়া গরু অসচ্ছল ব্যক্তিদের রেখে সচ্ছল দলীয় কর্মীদের মাঝে বিতরণ করার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।