লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ
ভোলায় মামলার বিবাদী যখন বাদী !

মোসলে উদ্দিন কুট্টি মামলাবাজ : আদালত।
আমি এসআইর বিরুদ্ধে ডিআইজি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব : মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় একটি বিরোধীয় জমির মামলার বিবাদী নিজেকে বাদী হিসেবে দাবী করে ভোলা সদর থানায় অপর একটি মামলা দায়ের করেন। যার নং-১৭০/২৫। এদিকে মোসলে উদ্দিন তার মামলায় উল্লেখ করেন বিরোধীয় জমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা-১৯৪/২০১৫ চলমান রয়েছে। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে উল্টো চিত্র। সেই দেওয়ানী মামলায় বাদী হলেন আলী বখতিয়ার মাহমুদ, আর বিবাদী হলেন মোসলে উদ্দিন। অথচ মোসলে উদ্দিন নিজেকে ওই মামলার বাদী হিসেবে নিজেকে দাবী করে উল্টো দেওয়ানী মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যদিকে মোসলে উদ্দিন ২০১৯ সালে থানায় অপর একটি মামলা দায়ের করেন। যার নং-এম.পি-৫৪/২০১৯। ওই মামলায় মোসলে উদ্দিন একজন মামলাবাজ হিসেবে আদালত তা উল্লেখ করেন এবং তার ওই মামলা খারিজ করেন আদালত। মোসলে উদ্দিন যে একজন প্রতারক ও মামলাবাজ তা আদালত দ্বারাই প্রমাণিত। আমরা আজ তার এই প্রতারণার ফিরিস্তি পাঠকদের কাছে তুলে ধরবো।
অনুসন্ধানে জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর এলাকার ৯নং ওয়ার্ডের নবীপুর মৌজার জেএল নং-৫৬, এসএ খতিয়ান নং-৪০৮, দাগ নং-১২১৩ সম্পত্তি নিয়ে আলী বখতিয়ার মাহমুদ গংদের সাথে মোঃ আল আমিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে ২০১৫ সালে ভোলার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন আলী বখতিয়ার মাহমুদ গংরা। যার নং-১৯৪/২০১৫। সেই মামলায় মোঃ আল আমিন, মোসা: মমতাজ বেগম, মোসা: শাহতাজ বেগম, মোসা: নিরুতাজ বেগম, মোসা: খাদিজা বেগম, মোসা: জহুরা খাতুন, মো: মোসলে উদ্দিন কুট্টি, মো: মহিউদ্দিন, মো: মফিজ উদ্দিন, মো: মাইন উদ্দিন, ওমর ফারুক ও নুর জাহান বেগমকে বিবাদী করা হয়। যা এখন আদালতে চলমান রয়েছে এবং সেই বিরোধীয় সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা রাখার জন্য নির্দেশ প্রদান করে।
কিন্তু দেওয়ানী মামলার ৭ নাম্বার বিবাদী মোসলে উদ্দিন নিজেই (মোঃ মোসলেহ উদ্দিন কুট্টি মাস্টার) নামে ওই জমির মালিক দাবী করে আলী বখতিয়ার মাহমুদ গংদের দায়েরকৃত মামলার স্বাক্ষী মোঃ শাহে আলম গংদের বিরুদ্ধে ২০১৯ সালে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-এম.পি-৫৪/২০১৯। এই মামলার শুনানিতে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে আদালতে ফের শুনানির তারিখ ধার্য্য করেন। বিগত ২৩/১২/২০২০ তারিখে আদালতে শুনানির দিন মোসলে উদ্দিন কুট্টির পক্ষে তিনি ব্যতিত কেউ হাজির হননি। অন্যদিকে বিবাদী পক্ষের ৫ জন লোক উপস্থিত ছিলেন। এ সময় মোসলে উদ্দিন সময়ের প্রার্থণা করেন। ওই সময় বাদী পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলো না। তিনি নিজেই আদালতকে বলেন, ওই জমি তার দখলে। কিন্তু কিভাবে দখলে তা আদালতকে উত্থাপন করতে পারেন নি। অন্যদিকে বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী তাদের পক্ষে তথ্য-প্রমাণ উত্থাপন করেন। এতে প্রমাণিত হয় যে, মোসলে উদ্দিন যে আর্জি পেশ করেন তার কোন ভিত্তি নেই এবং বিবাদী গংরাই জমির ভোগদখল করে আসছেন। এ সময় আদালত তাকে ভর্ৎসনা করে মামলাবাজ উল্লেখ করেন। তিনি এই জমি নিয়ে আরো ১৬টি বিভিন্ন ধরনের মামলা করে বিবাদীদের হয়রানী করছেন এমনটাই উল্লেখ করেন আদালত। তাই সকল কাগজ এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা পূর্বক বাদী মোসলে উদ্দিন কুট্টির কোন দখল স্বত্ব না থাকায় তার মামলাটি আদালত খারিজ করে দেয়।
মোসলে উদ্দিন যে প্রতারক তার প্রমাণ হচ্ছে তার নাম একেক জায়গায় একেক রকম। এক জায়গায় লেখেন মোসলে উদ্দিন আরেক জায়গায় লেখন মোসলেহ উদ্দিন কুট্টি মাস্টার। এই মামলাবাজ মোসলে উদ্দিন কুট্টি ওই মামলায় তার পক্ষে রায় নিতে না পেরে ফের উঠে পড়ে লাগেন আলী বখতিয়ার গংদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ১০/০৪/২৫ তারিখে পুনরায় আলী বখতিয়ার মাহমুদ গংদের লোকজনের বিরুদ্ধে নিজেকে মোসলেহ উদ্দিন দাবী করে মোঃ আবুল বশার, মোঃ সামসুদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ হানিফ, মোঃ শাহে আলমকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-নন জি.আর-১৭০/২৫। ওই মামলায় মোসলেহ উদ্দিন উপরোক্ত বিরোধীয় জমি থেকে ৪২ শতাংশ জমি পাবেন উল্লেখ করেন। এদিকে তিনি ওই মামলায় জমি নিয়ে যে আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে তা উল্লেখ করেন। এতে তিনি দেওয়ানী মামলা নং-১৯৪/২০১৫ এর কথা আনেন।
কিন্তু অনুসন্ধানে পাওয়া যায় ওই মামলার মুল বাদী হচ্ছেন আলী বখতিয়ার মাহমুদ। অথচ মোসলেহ উদ্দিন নিজেকে মামলার বাদী উল্লেখ করে ভোলা থানাকে মিথ্যা তথ্য উত্থাপন করে চলতি বছরের এই মামলা করেন। সেখানে তিনি উল্লেখ করেন বিগত ১০/০৪/২৫ তারিখে আলী বখতিয়ার মাহমুদ গংদের স্বাক্ষী মোঃ আবুল বশার, শাহে আলম গংরা ওই জমিতে বসত ঘর নির্মানের চেষ্টা চালায় এবং তাকে গাল-মন্দসহ মারধরের চেষ্টা করা হয়। তার সেই আবেদনের প্রক্ষিতে ভোলা সদর থানা থেকে এসআই (নিঃ) মোঃ ওয়াছিফ আলমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তিনি ঘটনার সত্য বলিয়া প্রতীয়মান হওয়ার কথা উল্লেখ করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৭ (সি) ধারায় বিগত ২৮/০৪/২৫ তারিখে নন এফ, আই, আর প্রশিকিউশন নং-১২৯/২৫ বিজ্ঞ আদালতে দাখিল করেন। আদালত উক্ত বিবাদীগণের বিরুদ্ধে সমনও জারি করেন।
মামলাবাজ মোসলেহ উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেনকে মামলা পরিচালনা করার জন্য আলী বখতিয়ার মাহমুদ গংরা আদালতের মাধ্যমে পাওয়ার প্রদান করেন। তিনি বলেন, মোসলেহ উদ্দিন একজন অসৎ প্রকৃতির লোক। তার কাজই হচ্ছে প্রতারণার মাধ্যমে মানুষকে হয়রানি করা। তার দাবীকৃত সম্পত্তিতে কোন প্রকার জমি-ই নেই। থাকবে কেমনে, তিনি কিংবা তার কোন পূর্ব পুরুষ এই জমির কোন অংশিদার মালিক ছিলেন না। আলী বখতিয়ার মাহমুদ গংরা ঢাকা-কানাডা-সিঙ্গাপুরে ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকেন। তাদের এই সুযোগে মোসলেহ উদ্দিন কুট্টি মানুষকে প্রতারণার মাধ্যমে হয়রানি করাই তার উদ্দেশ্য। তিনি যে একজন প্রতারক তা আদালতের মাধ্যমে যা প্রমাণিত। তিনি আরো বলেন, আমি এসআই মোঃ ওয়াছিফ আলমের বিরুদ্ধে ডিআইজি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব। কিভাবে তিনি আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও একজনের পক্ষে তদন্তের প্রতিবেদন দাখিল করেন।
এদিকে মোসলেহ উদ্দিনের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ওয়াছিফ আলম কিভাবে কি তদন্ত করেছেন তা জানতে চাইলে বলেন, আমি মোসলেহ উদ্দিন যে মামলা দায়ের করেছেন তার তদন্ত করেছি, এবং যেটা সত্য সেটাই লিখেছি। তার সাথে কথার এক পর্যায়ে মোসলেহ উদ্দিনের বিগত দিনের ফিরিস্তি তুলে ধরলে তিনি অবাক হয়ে যান।
