বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ॥ ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার, বোরহানউদ্দিন ॥ বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং ব্রীজ সংলগ্ন খালের পাশে পাইপের মাধ্যমে অবৈধভাবে অবৈধ বালু আনলোড করে ড্রেজার স্থাপন করেন সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক সামসুু পঞ্চায়েত গং। স্থানীয়ভাবে জনভোগান্তি সৃষ্টি ও ব্রীজ ঝুঁকিপূর্ণ করায় স্থানীয় জনগণের অভিযোগে প্রেক্ষিতে ওই স্থানে মঙ্গলবার (৮ জুলাই) অভিযান চালায় বোরহানউদ্দিন পৌরসভার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রেজার-বলগেট জব্দ করে নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার এর জিম্মায় রাখা হয়। একই সাথে আদেশ দেওয়া হয়, কাগজপত্র দাখিলের জন্য ২৪ ঘন্টা সময় প্রদান করা হয়। কাগজপত্র বৈধ পাওয়া গেলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে, অন্যথায় আইনানুগ প্রক্রিয়ায় নিলাম করা হবে। অভিযানে আইন-শৃঙ্খলায় সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আজ যেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এখানে এর আগেও বহুবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল ও জরিমানা করা হয়েছিল। কিন্তু এই অপরাধীরা দিনের পর দিন একই অপরাধ করেই চলেছেন। যদিও ভ্রাম্যমান আদালতের রায়ের উপরে কারো কোন বক্তব্য চলে না, কিন্তু তারপরেও বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় রয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং দায়িত্ব অবহেলার মত গুরুতর একাধিক অভিযোগ রয়েছে।
