সর্বশেষঃ

জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-১৬

[ ড. টি. এন. রশীদ ]

(গত পর্বের পর) : আমাদের বুকে নিয়েই মাকে হারানোর ব্যাথা ভুলে যেতে প্রচেষ্টা চালিয়ে গেছেন। মার দামী দামী শাড়ী গহনা গুলো বাবা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেখে চমকে যেতেন। কত স্মৃতি কত বিস্মৃতি মাকে ঝড়ানো কত ভালবাসা অনাদি অনন্ত কালের অহরহ বাবাকে ধ্বংস করত। বাবা সে আগুনে অনেক জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠেছিলেন। বাবা যেন মাকে হারিয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলেন। বাবার গায়ের রং কেমন যেন ম্লান হয়ে আসছিল। খাওয়া দাওয়া কমে আসছিল। অথচ বাবার কোন রোগ ছিল না। আমরা মাকে হারিয়ে বাবাকে আঁকড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বাবার ভালবাসা, বাবার স্নেহ, বাবার মায়া-মমতা, আমরা ভুলতে পারব না। ঢাকা থেকে যাওয়ার কথা শুনে বাবা ফোন করে জানতে চাইতেন, আমরা তখন কি খেতে ভালবাসি। কি পছন্দ করি, কি কিনে রাখবেন, বাবার অপরিসীম স্নেহ সব সময়ে আমাদের ঘিরে থাকত।
বাবাকে সব সময় ফোন করে খোঁজ নিতাম, বাবা কেমন আছেন, কি খাচ্ছেন, কি খেতে ইচ্ছে করে। ছোট ভাই সুমন রাঙ্গামাটি থেকে বাবার খোঁজ নিত। চমন চায়না থেকে বাবাকে চিঠি দিত ও ফোন করত। কিন্তু বাবা দিনদিন কেমন যেন অন্যমনষ্ক হয়ে চলছিল। যেন মা’র অশরীরী আত্মা বাবার কাছে ঘুরছিল। বাবা যেন কি মোহের ঘোরে মাঝে মধ্যে দিওয়ানা হয়ে যেত। বাবা আমাদের পরের সংসারে পাঠিয়েছেন। শ্বশুর, ভাসুর, দেবর, ননদ নিয়ে আমার সংসার তবুও বাবা অহরহ আমার হৃদয় কন্দরের নিভৃত মন্দিরে ধ্বনিত হতো। রাতে ঘুমাতে গিয়ে বাবার কথা ভেবে ভেবে ঘুমাতে যাই। সেদিন কি বার, কি মাস ছিল আজ আমার সে কথা একদম মনে নেই।
বাবা খুলনা থেকে প্লেনে এসে আমার বাসায় উঠলেন। বাবাকে দেখে মনে খুব খুশী লাগল। যেন কত ভাল লাগল। আজ সে অনুভূতির কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। বাবাকে টুকিটাকি অনেক কথা জিজ্ঞাসা করলাম। বাবা সব কথা অনর্গল বলে গেল। বাবা কি কাজে এসেছেন জানতে চাইলাম। বললেন, পেনশনের টাকা তুলতে এসেছেন। বাবাকে কাছে বসে প্লেটে অনেক খাবার তুলে দিলাম। বাবা কিছুই খেলেন না। খাবার কোন অভিরুচি বাবার নেই। বাবা অনেক শুকিয়ে গেছেন। মনে হয় ডায়াবেটিসটা খুব বেড়েছে। বাবা স্যুট পড়ে বেরিয়ে যেতে চাইলেন। বাহিরে ব্যাংক থেকে টাকা তুলবেন। বাড়ীর জন্য টুকিটাকি কেনাকাটা করবেন।
অন্যসব দিন এতক্ষণে আমাদের অফিসের ড্রাইভার এসে যায়। আজ তার আসার কোন খবরই পেলাম না। বাবাকে আমার বাসা থেকে একাই বেরিয়ে যেতে দিলাম। কোন কিছু ভেবে দেখার সময়ও পেলাম না সব সময় খুলনা থেকে এসে কাজকর্ম সেরে বাবা আবার চলে যায়। আজ তেমন ভেবে বাবার উপর কোন নিষেধাজ্ঞা জারি করলাম না। বিধি বোধহয় সেদিন দূর থেকে আমার কাজ কর্মের নিশ্চয়তা দেখে হেসেছিলেন। মানুষ সব অংকের হিসাব মিলাতে পারলেও জীবন অংকে হিসাব মিলাতে পারে না। আমি যেন কি কাজে বা অকাজে ব্যস্ত ছিলাম আজ আমার স্মরণ নেই। হঠাৎ দরজায় কলিংবেলে বিকট আওয়াজ হতে লাগল। আমি দৌড়ে গিয়ে দেখি কতগুলো লোক বাবাকে ধরাধরি করে আমার বাসায় নিয়ে এসেছে। আমি স্তম্ভিত, বিস্মিত ও আতংকিত হয়ে বাবার কাছে এগিয়ে দেখি বাবার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। হাতে ও পাঁজরে অনেক অনেক আঘাত প্রাপ্ত হয়েছে। বাবার পরনের স্যুট ছিঁড়ে ছিড়ে কুটিকুটি হয়েছে। বাবা ক্লান্ত, বিমর্ষ ও অস্থির হয়ে আছে। তাড়াতাড়ি আমার স্বামীকে অফিসে ফোন করলাম। বাবার মাথায় যেখান থেকে রক্ত গড়াচ্ছে সেখানে ধুয়ে ডেটল দিয়ে মুছে দিলাম। কিছুক্ষণ বাসায় থাকার পর বাবাকে ক্লিনিকে নিয়ে রাখলাম।
সারারাত বাবা ক্লিনিকে আচ্ছন্নের মত ছিলেন। একটি কাজের ছেলেকে বাবার কাছে রেখেছিলাম। বাবা নাকি মাঝে মধ্যে তাঁর মাথায় টুপি ও হাতের তজবী খুঁজেছেন। সকাল থেকে বাবা কোথায় যে চলে গেল, হাজার ডেকেও সাড়া পেলাম না। কি করে এত তাড়াতাড়ি মহান স্রষ্টা আমার কপালে দুর্ভাগ্যের পদচিহ্ন এঁকে দিলেন। আমি আজও ভাবতে গিয়ে স্তম্ভিত হই। আমি তখন আশায় বুক বেঁধে আছি বাবা ভাল হয়ে উঠবেন। আমাকে হেসে বলবেন ঐশ্বর্য, এইত আমি সেরে উঠছি। কিন্তু বাবা আর ডাকলেন না। আর সেরে উঠলেন না। সেই যে চোখ বুজেছিলেন আর চোখ খোলেন নি।

(চলবে——)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।