আলতাজের রহমান কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মাহে আলম মাহী ৷৷ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের “মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫” কর্মসূচির অংশ হিসেবে আলতাজের রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলতাজের রহমান কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফেরদাউস বাহাদুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির ভোলা শহর শাখার সেক্রেটারি হাসনাইন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার দাওয়াহ্ সম্পাদক মাহফুজ বিল্লাহ এবং থানা সেক্রেটারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সভাপতি মো. কাউসার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং পরিবেশ রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও অনন্য ভূমিকা পালন করে।” তিনি ছাত্রশিবিরকে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
প্রধান বক্তা হাসনাইন আহমেদ বলেন, “আমরা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই। এই দায়বদ্ধতা থেকেই গাছ রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
উল্লেখ্য, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করেছে।
