ভোলার বাণী’র সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব নিলেন জাকির হোসেন মহিন

বিশেষ প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং শিক্ষানুরাগী জাকির হোসেন মহিন ভোলার জনপ্রিয় সংবাদপত্র ‘ভোলার বাণী’র সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এরই মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভোলার গণমাধ্যম জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
জাকির হোসেন মহিন গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাঁর হাত ধরে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জিজেইউএস আজ প্রায় দেড় হাজার কর্মী নিয়ে একটি শক্তিশালী সংস্থায় পরিণত হয়েছে। যার এক-তৃতীয়াংশ কর্মী ভোলার স্থানীয় বাসিন্দা। এটি এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার প্রমাণ বহন করে।
সাংবাদিকতায় তাঁর পেশাগত যাত্রা শুরু হয়েছিল ভোলার সাংবাদিক মহলে সততা, সাহস এবং ন্যায়নিষ্ঠ লেখনীর মাধ্যমে। ভোলা জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে তিনি প্রদর্শন করেছেন ব্যতিক্রমী নেতৃত্ব। পরবর্তীতে সমাজসেবা ও শিক্ষা বিস্তারে মনোনিবেশ করলেও তাঁর সাংবাদিকতার প্রতি ভালোবাসা কখনো কমেনি। বরিশাল বিভাগের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাকির হোসেন মহিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘ভোলার বাণী’র সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি পুনরায় গণমাধ্যমে সক্রিয় হলেন। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রত্যাশা, তাঁর দূরদৃষ্টি ও মানবিক মূল্যবোধ পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
‘ভোলার বাণী’ এখন কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের কণ্ঠস্বর ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে আবির্ভূত হবে বলে বিশ্বাস করা হচ্ছে। জাকির হোসেন মহিনের নেতৃত্বে পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে আরও জোরালো ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের।
