সর্বশেষঃ

ভোলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন বিশ্ব রোডের হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির জেলার দৌলতখান উপজেলার চর সুভি ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মৃত ইউনুস শিকদারের ছেলে। তিনি চর সুভি ইউনিয়নের ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর ইউনিয়ন মৎস্য ফেডারেশনের সভাপতি ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ব্যক্তির ভাই জাকির জানান, বরিশালে মৎস্য ফেডারেশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে দৌলতখানের বাসা থেকে বের হন হুমায়ুন কবির ও তার দুই সহযোগী। মোটরসাইকেলযোগে তারা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ভোলা শহরের আলীনগরে মাদ্রাসা বাজার এলাকায় আসলে তাদের মোটরসাইকেলটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।