সর্বশেষঃ

ভোলায় ভেঙে ফেলা হলো ‘শেখ মুজিব’ ম্যুরাল

মোঃ ওমর ফারুক ॥ ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের ম্যুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা ম্যুরালগুলো এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ ম্যুরাল ভেঙ্গে ফেলে ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার সময় কয়কশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেকু দিয়ে প্রথমে ভোলা পৌরসভায় অবস্থিত ম্যুরালটি ভেঙে ফেলে। এরপর একে একে জেলা পরিষদ, জেলা প্রশাসক ভবনের সামনে থাকা ম্যুরালগুলোও ভেঙে ফেলে। রাত ১০টার দিকে বাংলা স্কুল মোড়ে অবস্থিত জেলা আওয়ামীলীগের অফিসটিও ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় উৎসুক হাজারো জনতা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করতে দেখা গেছে। এ সময় ছাত্র-জনতা আওয়ামীলীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভাঙচুর ও আগুন দেওয়াসহ সব প্রতিহিংসার বিরোধী। আমরা চাই, এক সঙ্গে সবাই মিলে দেশ গড়তে। ভোলার বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফোন কলে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর পূর্বে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাসভবন প্রিয় কুটির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।