ভোলায় তোফায়েল আহমেদের বাড়ীতে ভাংচুর-অগ্নিসংযোগ, পুরো বাড়ীটি এখন ধ্বংসস্তুপ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক মন্ত্রী ও রক্ষী বাহিনীর প্রধান এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের ‘প্রিয় কুটির’ নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একদল যুবক ভোলার বাংলা স্কুল মোড়ে থেকে আওয়ামীলীগ বিরোধী স্লোগান ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই’দিতে থাকে। পরে তারা বাড়ীটির প্রধান গেট ভেঙ্গে প্রথমে ভিতরে প্রবেশ করে। বাসার সকল আসবাবপত্র রাস্তায় ফেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এর পূর্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাত ৯টার দিকে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
দেখা গেছে তোফায়েল আহমেদের বাড়ীতে হামলার পাশাপাশি তার বাড়ীর পার্শ্বেই অবস্থিত জেলা আ’লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নকীবের বাড়ীতে হামলা ও ভাংচুর চালানো হয়। রাতে সাবেক এই সাংসদের বাড়ীতে আগুন দিলে আশপাশের বাসাবাড়ির বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। দমকল বাহিনী আগুন নেভাতে কিম্বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে ঘর থেকে বেড় হতে দেখা যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদেরও তেমন উপস্থিতি চোখে পড়েনি। এ বিষয়ে ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে সকাললে তোফায়েল আহমেদের বাড়ীতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়ীটি একটি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। আগুন দিয়ে পুরো বাড়িটি ভষ্ম করে দেয়া হয়েছে। যেখানে তাকানো হয়েছে দেখা গেছে পুড়ে যাওয়া আসবাবপত্রের ধ্বংসযজ্ঞ। বাড়ীটির দেয়ালে দেয়ালে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। এছাড়া বাড়ীটির মূল্যবান আসবাবপত্র যা ছিল তা রাত থেকে ভোর এবং ভোর থেকে দুপুর পর্যন্ত যে যেভাবে পারছে নিয়ে গেছে। কোন কিছু আর সেখানে বিদ্যামান নেই। যা রয়েছে তাও পুড়ে যাওয়া এবং ভেঙ্গে যাওয়া আসবাবপত্রের কিছু অংশ। বাড়ীটিকে এক নজর দেখার জন্য ভোলার বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছে। কারণ তারা বিগত ১৭ বছর এই বাড়ীটিতে কোন ভাবেই প্রবেশ করতে পারেনি। তাদের মনে একটা আকাঙ্খা ছিল এই বাড়ীতে কি হতো, সেখানে কি রয়েছে তা যদি এক নজর দেখতে পারতাম। তাই তোফায়েল আহমেদ এর বাড়ীতে ভাংচুর ও আগুন দেয়ার খবর শুনে ছোট, বড়, নারী-পুরুষ এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল বেধে ছুটে আসছে এক নজর দেখার জন্য। এ সময় তারা বলছেন, তোফায়েল আহমেদ ভোলার মানুষের জন্য তেমন উল্লেখযোগ্য কিছুই করেন নি। তিনি করেছেন তার আত্মীয়-স্বজনদের জন্য। তোফায়েল আহমেদসহ তার আত্মীয়-স্বজন ভোলার মানুষের উপর দীর্ঘ বছর ধরে যে অত্যাচার-নির্যাতন করেছেন আজ সেই সব মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।
