ভোলার চরসামাইয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদ ছাইফুল্লাহ উপস্থিত থেকে গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য, দফাদার, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ শেষে প্রশাসক খালেদ ছাইফুল্লাহ ছাত্র প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যাগুলো জানার পর তিনি সরকারি সামর্থ্য অনুযায়ী সহায়তা করার আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন, সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার জনগণের সমস্যাগুলো সমাধানে আমি সবসময় সচেষ্ট থাকব। পাশাপাশি, সরকারের সেবা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সকলের সহযোগিতা প্রয়োজন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা প্রশাসন ও ছাত্রদের জন্য দোয়া করে। তারা আশা করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
