ভোলা সরকারি কলেজে ‘ভোলা পাক-হানাদার মুক্ত’ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় দিবসটি উদযাপনে ভোলা সরকারি কলেজ প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। র্যালিটি কলেজের প্রধান ফটকসহ কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফোয়ারা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। এসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক মো. জামাল উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম মজিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এ.টি.এম রেজাউল করিম বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলার প্রথম স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। তখনই সমগ্র ভোলার মানুষ উল্লাসে ফেটে পড়েন। ভোলা হয় পাক-হানাদার মুক্ত।
