বসন্ত

ড. তাইবুন নাহার রশীদ
আজ জানি কেন মন হয় আমি
নববসন্তের কৃষ্ণচুড়ার প্রথম মঞ্জুরী,
মাধবী লতার কুঞ্জে কুঞ্জে
উঠেছি গুঞ্জরি।
আম্রমুকুলের স্নিগ্ধ সুরভি
হৃদয় বসন্তে বাজে,
বসন্তের রংয়ে রাঙ্গিয়ে মন,
লেবু ফুল লুকায় লাজে।
অধীর আবেগে হয়ে ব্যকুল
চঞ্চল হয়ে ঘুরি,
চপল পায়ে রুনু ঝুনু করে
পড়েছি বাসন্তী শাড়ী।
যৌবন আমার বার বার বলে
ঝরা পাতা ঝরে যেওনা,
আমাকে ঝরতে দিও না।
চুম্বনে চুম্বনে, আলিঙ্গনে আলিঙ্গনে
বাহুর বাঁধনে রাখ,
যেওনা, যেওনা ওগো বসন্ত
যুগ যুগ ধরে থাক।
