সর্বশেষঃ

নব বসন্তের প্রথম দিন

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

কত নগর বন্দর শহর পেরিয়ে
কত আশা বাসনার স্বপ্ন জড়ায়ে,
তোমারে দেখিতে এসেছি মানসী
মুক্ত বিহঙ্গ হয়ে।

আমিতো জানিনা তোমার যৌবন এত
উপচে উপচে পড়ছে,
আমিতো জানিনা তোমার হাসিতে
এত মুক্তো ঝরছে।

আমিতো জানিনা তোমার যৌবনে
রাঙ্গিয়ে রেখেছ সেন্ট ক্যাথারিন,
আমিতো জানিনা সেদিন ছিল
নব বসন্তের প্রথম দিন।

উদার আকাশ, মুক্ত বাতাস
স্বপ্ননীল গ্রাম খানি,
আনন্দে নাচছে পেখম তুলে
ডাকছে দিয়ে হাতছানি।

ভাদরের ভরা নদীর মত
দু-কূল ছাপিয়ে নদী নালা,
কানায় কানায় ঝরছে যৌবন
বনমল্লারের গাছ পালা।

নাম-না-জানা কত ফুল আছে
বনের কিনারে ফুটে,
নাম-না-জানা কত গোলাপ
বাড়ীর সামনে লুটে।

নাম-না-জানা কত বড় শিপ
কত অজানার দেশে যায়,
কত অজানার কত কথা লয়ে
জানার দেশে যেতে চায়।

কত বিচিত্র দেশের, বিচিত্র মানুষ
বিচিত্র বেশ-ভুষায়,
বিচিত্র বিচিত্র কথা বলছে
বিচিত্র বিচিত্র ভাষায়।

আপন মনে ঘুরছে ফিরছে
আপন রুচিতে খায়,
যখন যার ইচ্ছে, থাকছে প্রয়োজন
চলে যায়।

কেন চলে যায় জানি না মানুষ
সারা জনম কি-থাকা যায় না ?
উদ্দাম উচ্ছল এই ছল ছল নদীর পাড়ে
থাকতে কি মন চায় না।

আমারও মনে হয় সারা জনম আমি
সীমাহীন নদীর ধারে,
পাইন বিতানের মর্ম্মরে থাকি
একখানা কুঁড়ে ঘর করে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।