ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-২

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে ২ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে ২ দস্যুকে আটক করে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র। আটকদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে। জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।
