সর্বশেষঃ

সমালোচনা করবেন, সাদরে গ্রহণ করবো

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ

মেসকাত আহাম্মেদ ॥ ভোলায় কর্মরত সাংবাদিকদের সাথে বরিশাল রেঞ্জের নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলা প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকাত হোসেন’র সভাপতিত্বে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি কর্যালয়ের পুলিশ সুপার শফিক ইসলাম, ভোলা সদর থানার ওসি মো. মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ. তাহের, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. ওমর ফারুক ও মো. ইউনুছ শরীফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ডিআইজির কাছে উপস্থিত সাংবাদিকরা ভোলা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো থেকে উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আপনারা সমালোচনা করবেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করব। সমালোচনার মাধ্যমে এ জেলার যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের জেলার পুলিশ সুপার রয়েছেন, যে কোনো বিষয়ে তাকে অবগত করবেন। তিনি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছেন। অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে। আপনারা জাতির বিবেক, তাই আপনারা নৈতিকতা ধরে রেখে সঠিকটা গণমাধ্যমের তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।