ভোলায় ছাত্রশিবিরের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেসকাত আহাম্মেদ ॥ “এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানর শুরু হয়। পরে অনুষ্ঠানের অতিথিগণ সকল নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেন।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্যে রাখেন শহর শাখার সভাপতি আহম্মেদ হাসনাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক শহর শাখার সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের দায়িত্বশীল মো. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ হাসনাইন বলেন, বড় হতে হলে বড় বড় মানুষদের মতো স্বপ্ন দেখতে হবে। নৈতিকতার জ্ঞান অর্জন করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে কুরআন এবং হাদিসের জ্ঞান রাখতে হবে। বর্তমান পৃথিবীতে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সাথে নিজেদের ঢেলে সাজাতে হবে। এ সময় ছাত্রশিবিরের ভোলা শহর শাখার অফিস সম্পাদক হাসনাইন আহম্মেদ, ছাত্রশিবিরের ভোলা কলেজ শাখার সেক্রেটারী ওমর মুছান্নাসহ শহর ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
