ঈমনের মৃত্যুতে ভাগ্যকেই দোষারোপ করলেন তার মা
আজও কান্না থামেনি

স্টাফ রিপোর্টার ॥ সন্তানহারা মায়ের কান্না আজও থামেনি। সন্তানের এভাবে মৃত্যু এখনো বিশ্বাস করতে পাচ্ছেন না নিহত মো. ঈমনের (১৮) মা কুলসুম বেগমের। ঢাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গোলাগুলিতে নিহত রিকশা চালক মো. ঈমনের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের কাজিমদ্দিন বাড়িতে এখনো চলছে শোকের মাতম। ইমনের মৃত্যুর শোক কোন ভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
ঈমনের মা কুলসুম বেগম জানান, তার এক মেয়ে ও তিন ছেলে। ভাইদের মধ্যে ঈমনই সবার ছোট। তার বড় দুই ভাই বিয়ের পর আলাদা হয়ে যায়। ঈমন তার বাবা-মার সঙ্গে থাকতেন। তারা দীর্ঘদিন ঢাকার বাড্ডার জালতলা এলাকায় বসবাস করেন। ঈমন ও তার বাবা রিকশা চালিয়ে সংসার চালান। গত ২০ জুলাই বিকেলের দিকে বাড্ডা এলাকায় যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন ঈমন। ওই সময় সহিংসতার ঘটনায় গোলাগুলি হলে একটি গুলি ঈমনের মুখে লেখে মাথা ছিদ্র করে বের হয়ে যায়। পরে রাস্তা থেকে স্থানীয়রা ঈমনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরের দিনে ২১ জুলাই ছেলেকে গ্রামের বাড়ি ভোলার আলীনগরে নিয়ে এসে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তবে ঈমনের মৃত্যুর জন্য তার মা কাউকে দোষ না দিয়ে নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছেন বারবার।
কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, ঈমন যেদিন নিহত হন সেদিন দুপুরেও ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছেন। বাড্ডা এলাকার পরিস্থিতি ভালো না হওয়ায় বিকেলের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বিকেলের দিকে কোনো এক ব্যক্তি ছেলের মৃত্যুর খবর দেন। দ্রুত ছুটে গিয়ে ছেলের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান তিনি।
