ভোলায় রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ৯ কোটি টাকার ক্ষতি
ঘূর্ণিঝড় রোমালের তান্ডব

ভোলার বাণী রিপোর্ট ॥ ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভোলায় রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। সম্প্রতি ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এ ক্ষতি হয় প্রতিষ্ঠানটির।
জানা গেছে, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী, উত্তর দিঘলদী এবং ভেলুমিয়া ৩টি ইউনিয়ন মিলে ২শ’ ৫০ একর জমিতে রূপালী মৎস্য খামার ও হ্যাচারী। এখান থেকে মাছের রেনু, পোনা, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, আইড়, চিতল, মিনার কার্প, চাইনিজ পুটি, তেলাপিয়া, কোরালসহ বিভিন্ন জাতের মাছ উৎপাদন ও বিক্রি করা হতো। সম্প্রতি ঘূর্ণিঝড় রোমালের তান্ডবে ৮ থেকে ১০ কোটি মাছের রেনু, ৩ থেকে ৪ কেজি ওজনের লাখ লাখ মাছ পানিতে ভেসে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৯ কোটি টাকা এমনটাই জানিয়েছেন তিনি।
রূপালী মৎস্য খামার ও হ্যাচারী এবং সাবাব ও মায়ের দোয়া ব্রিকস এর মালিক আমির হোসেন জানান, ভোলা জেলার সবচেয়ে বড় খামার রূপালী মৎস্য খামার ও হ্যাচারী প্রতিষ্ঠা করি। এখানে এই জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় মাছের রেনু, পোনা ও মাছ সরবরাহ করি। একদিকে দেশের আমিষের চাহিদা কিছুটা হলেও মেটানোর চেষ্টা করি। পাশাপাশি শত শত লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। ঘূর্ণিঝড় রোমাল যেমনি আমার কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, তেমনি এখানে যারা কাজে নিয়োজিত ছিল তাদেরও স্বপ্ন পানিতে ভেসে গেছে। আমার এ ক্ষতি পূরণে সরকারী-বেসরকারীভাবে সহযোগিতা করা হলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।
