সর্বশেষঃ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চরফ্যাশনের নিন্মাঞ্চল প্লাবিত ॥ পানিবন্দি ২০ হাজার মানুষ

মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

ভোলার বাণী ডেস্ক ॥ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে উপকূলের মানুষ। রোববার (২৬ মে) দুপুরের পর থেকে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরি-মুকরি, মাঝের চরসহ বিভিন্ন চরের প্রায় ৫৩ হাজার মানুষ অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়াও এসব চরের ১০ হাজার গবাদি পশু রাখা হয়েছে মুজিব কিল্লায়। এদিকে জোয়ারে তলিয়ে গেছে সাগর উপকূলের ঢালচরসহ বেশ কয়েকটি দ্বীপচর। এতে পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ।
জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ও চর কুকরি-মুকরি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুইটি ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হয়। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের দিকে জোয়ার এলে ওই এলাকার রাস্তাঘাট, দোকানপাটসহ মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এর মধ্যে কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বেশি সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, সকালের জোয়ারে তার ইউনিয়নের সব এলাকা ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে নিতে ইউনিয়নের গ্রাম পুলিশসহ ইউপি সদস্যদের মানুষের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।
চর কুকরি-মুকরি ইউনিয়নের সিসিপিপি টিম লিডার মো. শাহজাহান খোকন জানান, তার ইউনিয়নের চরপাতিলায় ৫ ফুট পানিতে প্লাবিত হয়েছে। সেখানে প্রায় সাত-আট হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে আনতে তারা চরপাতিলায় যাচ্ছেন।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, সাগর মোহনার ঢালচর ও চর কুকরি-মুকরি ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। কিছু সংখ্যক মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে। দুপুর সাড়ে ১২টার পর থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। এদিকে মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঁধের বাইরের রাজাপুর, ধনিয়া, মাঝের চর সহ বেশ কিছু এলাকায় প্লাবিত হলেও এখন পর্যন্ত বাঁধের কোন ক্ষতি হয়নি, বাধ সুরক্ষিত রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো জেলায় বৈরীভাব বিরাজ করছে। থেমে থেমে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে রয়েছে ঝড়ো বাতাস। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে রেডক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও চিলেকোঠাসহ স্বেচ্ছাসেবীরা। সময় যত বাড়ছে ততই আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে উপকূলে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।