ভোলায় ভাইয়ের হাতে ভাই ‘খুন’ ॥ আটক-২

শরীফ হোসাইন ॥ ভোলায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল (১১টার) দিকে ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর ৯নং ওয়ার্ডের নজির মেম্বার বাড়ীতে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের ৯নং ওয়ার্ডের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাজলের পরিবারের লোকজনের হামলায় ৭০ বছর বয়সী বড় ভাই আবদুল মালেক (মানিক) কে এলোপাথারিভাবে বেধরক মারধর এবং মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এসময় তার আরেক ভাই মজনু এগিয়ে এসে আবদুল মালেককে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহতাবস্থায় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত তাজল ইসলাম গ্রুপের বজলুর রহমান (৬৫), আরিফ (৩২) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী জানান, আমাদের সাথে তাজল ইসলামদের জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। হামলার ঘটনার সাথে সোহাগ, তাজল ইসলাম, বজলু এবং অলিউল্লাহসহ একাধিক লোক জড়িত রয়েছে। এছাড়া সদ্য অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে আমার স্বামী ইউনুছ মিয়ার দল করেছে। আর ওরা মোশারেফ মিয়ার দল করেছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা চালিয়ে তারা পুরনো প্রতিশোধ উদ্ধার করার জন্য এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
নিহতের ভাতিজি জানান, চাচা তাজল ইসলাম এর স্ত্রী মমতাজের কারণে আমাদের বাপ-চাচারা এক সাথে থাকতে পারেনাই। ৬ চাচা সবাই আলাদা। আমাদের ফ্যামেলির ধ্বংসের মূল কারণ হচ্ছে এই মহিলা, তার জন্যই আজকে এ ঘটনা ঘটেছে, আমরা তার বিচার চাই।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, আগ থেকেই জমি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আগে এমন ঘটনা ঘটেনি। কিন্তু কালকে (নির্বাচনের পর) থেকেই তারা মারধরের হুমকি দিয়ে আসছিলো। যার কারণে আজকে (বৃহস্পতিবার) এ ঘটানা ঘটেছে। তিনি আরো বলেন, এক ভাই অপর ভাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করে পিটিয়ে এবং গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা আরো জানান, তাজল গ্রুপরা এর আগেও একাধিক খুনের মামলার সাথে জড়িত রয়েছে। সেই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার না হওয়াতে তারা দিন দিন আরো খিপ্র হয়ে উঠেছে। মানুষকে তারা মানুষ বলে মনে করছে না। যে কোন তুচ্ছ ঘটনায় তারা হত্যাকান্ড ঘটাতেও পিছ-পা হচ্ছে না। এ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে। এরইমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধসহ একাধিক মামলা রয়েছে। এটা পারিবারিক বিরোধের জেরে হত্যা নাকি নির্বাচন পরবর্তী সহিংসতায় হত্যা তা নিশ্চিতভাবে বালা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিহত আবদুল মালেক এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতেল আনা হলে সন্তানদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। বাবার নানা কথার স্মৃতিচারণ করে দুই মেয়েকে বিলাপ করতে দেখা গেছে। এসময় তাদেরকে সান্তনা দেয়ার চেষ্টা করছেন পরিবারের অন্যান্য সদস্যরা।
