প্রধানমন্ত্রীর তরফ থেকে অসহায় দুই বোনকে ঘর উত্তোলনে সহযোগীতার আশ্বাস
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার জনপ্রিয় দৈনিক ভোলার বাণীতে গত ৭ মে “সরকারের কাছে সহযোগিতা চাইলেন হাছিনা-রেনু” শিরোনামে দুই বোনের অস্বচ্ছলতার একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় দুই বোনের খোঁজ-খবর নেয়ার জন্য ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। শনিবার (১১ মে) বিকেল তিনি অসহায় দুই বোনের বাড়ীতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের সকল বিষয়ের খোঁজ-খবর নেন।
অসহায় দুই বোনের সাথে কথা বলার পর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল জানান, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরছিফলী গ্রামের মৃত আলী আহমেদের মেয়ে হাছিনা-রেনু’কে নিয়ে ভোলার বাণীতে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তাদের কাছে উপহার পৌছে দিয়েছি। দুই বোনকেই আলাদা আলাদাভাবে এ ত্রাণ উপহার দেয়া হয়েছে। উপহারে মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২টি করে ৪টি কম্বল, লবন, ডাল, তেল, চিনি, হলুদ, মরিচসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় দুই বোন যাতে করে ঘর উত্তোলন করতে পারে তা জন্য দুই বোনকে (কয়েক ভান) টিন দেয়া হবে। এবং ওই টিন যাতে করে তারা লাগাতে পারে সে জন্যও নগদ অর্থের ব্যবস্থা করা হবে। এছাড়াও সরকারের অন্যান্য যে সকল সুযোগ-সুবিধা রয়েছে তার আওতায় এই দুই বোনকে আনা হবে। এ সময় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফেরদাউসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
