মধ্যরাত : পর্ব-২২২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), (গত পর্বের পর) : এর মধ্যে কচ উঠে পরেছে। দোলারও আজ আর গড়িমসি নেই। দেখি কিচেনে চায়ের কেতলি করে চায়ের জল চাপিয়েছে। ময়দা দিয়ে পরটা ভাজার ময়দা মাখছে। আমি মনে মনে ভাবলাম আজ দোলা অসুস্থ্যতার ভান করছে না। মেয়েরা স্বামীকে কাছে পেলে সব অশান্তি ভুলে যায়। মুখ খানা বেশ হাসি খুশী উচ্ছল, উদ্দামতায় চঞ্চল চপলতায় বনের হরিণীর মত লঘুপদে সে ঘুরাঘুরি করছে। আমি মনে মনে ভাবলাম বাঁচলাম। একয়দিন যা চিন্তায় ছিলাম। দোলা আবার বিছানায় পরল নাকি। কচ দোলাকে নেবার জন্য বলল। আমরা কয়দিন দাদু একটু টরেন্টোয় দাদার ওখানে থাকব। আমি বললাম নিশ্চয় নিশ্চয় দাদার আশির্বাদ নিয়ে যাও। সেটাই তোমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। কচ বলল, বৌদির শরীরটা বিশেষ ভাল না। ডায়াবেটিসটা বেড়েছে।
আমার বড় খারাপ লাগছে, দোলা চলে গেল। আমি আবার একা হয়ে যাব। উমা থেকেও না থাকার মত, সারাদিন কি যেন ভাবে, আর সুশান্তর বড় ছবি খানা দেখে। দোলা নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আমাকে ছেড়ে যেতে দোলার কোন কষ্ট হয় না, ও যেন কত খুশীতে আনন্দে ভরে উঠেছে। স্বামীর চাকরী স্থানে যাচ্ছে, নতুন করে ওরা ঘর বাঁধবে। সে নেশায় সে আনন্দে ও মশগুল। কচ বলে দোলা কত জিনিসের প্রয়োজন নাই, ওখানে কিনে নেবে। দোলার যাওয়ার দিন ঘনিয়ে এল। ছল ছল চোখে আমি দোলার কাছে দাঁড়ালাম, ও আমার বুকে মাথা রেখে কাঁদ কাঁদ হয়ে বলল- দাদু আমি আসি তুমি ভাল থেক, সুখে থেক, ভালমত খাওয়া-দাওয়া করো। বিশ্রাম করো, দাদু উমাদিকে দেখ। উমা এসে কাছে দাঁড়াল, উমাকে প্রণাম করল; বলল- উমাদি আমার দাদুকে দেখ।
কচও দোলাকে আমি বাস ষ্টেশনে নিয়ে গেলাম। ওরা ষ্টেশনের ওখানে বসে বাস ছাড়ার জন্য অপেক্ষা করতে লাগল। আমি গাড়ী নিয়ে ভার্সিটির ওখানে ছেলেদের ক্লাশ নিতে গেলাম। ক্লাশ শেষে কমন রুমে বসে বহুদিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। বাড়ী যেতে আর যেন আমার মন চায়না। আবার ভাবলাম আহা বেচারী উমা-যে একলা। একটা নিঃস্ব মেয়ে মানুষ, তার দিনগুলি কেমন করে কাটবে বা কাটছে। বাসার পথে রওয়ানা দিতে হঠাৎ ভার্সিটির কাছে হেমন্তের সাথে দেখা। আরে হেমন্ত কেমন আছো ? হেমন্ত হেসে ফেলল, বলল প্রশান্ত দা কোথায় যাচ্ছেন ? বললাম, বাড়ী। হেমন্ত বড় একা, আমি বড় একা। দোলা চলে গেল, তুমি এখানে কোথায় থাক ? বাইরে থাকার কি দরকার, আমার বাসায় থাক না ? হেমন্ত মুখ কাঁচু-মাচু করতে লাগল। বলল, আচ্ছা দেখি। আমি বললাম, চল আমার সাথে আমার বাসায়। ওকে গাড়ীতে তুলে নিলাম। পথে আসতে আসতে কত গল্প করলাম, সুশান্তর কথা বললাম। উমার কথা বললাম। ও বলল, উমাদিকে দেখলে আমার মায়ের স্মৃতি মনে পরে। আমার মা বিধবা হয়ে বড় কষ্টে আমাদের প্রতিপালন করেছে। (চলবে———)
