মধ্যরাত : পর্ব-২১৭

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি দোলাকে চা দিতে বললাম। দোলা দু’কাপ চা, বিস্কুট দিয়ে গেল। আমি চা খেতে খেতে বললাম, অলক আজ এই বিংশ শতাব্দির যুগে মেয়েরা এখন বিধবা হলে আর আগের মত শ্বশুর বাড়ীতে থেকে থান শাড়ী পড়ে নিশব্দে নীরবে মাথার চুল কেটে একাদশী পানল করে না। ফলমুল খেয়ে তারা এখন একটু স্বাধীনতা চায়। যেখানে মন চায় বা যার কাছে একটু আদর, একটু সম্মান পায়, মন পায় সেখানে বাকী দিনগুলি বৈধব্য অবস্থায় কাটিয়ে দেয়। অলক চুপ করে থাকল। বলল আমি কালই রাতের প্লেনে লন্ডন ফিরে যাব। আমি বললাম, তোমাকে স্টেশনে পৌছে দেব ? না-না কোন প্রয়োজন নেই। আমি বাসে করে চলে যাব। আমি আর কথা বাড়ালাম না।
রাতে দোলা ভুনা খিচুড়ী-মাংস করেছিল। আলুর দম ছিল, উমা খিচুড়ী খেতে চায় না। আতপ চালের ভাত, নিরামিষ এসব খেয়ে দিন যাপন করতে চায়। দোলা এসে বলল, দেখ দাদু উমাদি আতপ চালের ভাত আর নিরামিষ রান্না করেছে। আমি উমাকে ডেকে অলকের সামনে বললাম, কেবল আতপ চালের ভাত আর নিরামিষ খেলেই শোক প্রকাশ করা হয় না। শোকটা হচ্ছে অন্তরের। অহরহ দাউদাউ করে নিভৃতে নীরবে হৃদয় কাঁদে প্রিয়তমের কথা স্মরণ করে, চুপে চুপে কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না, জানেন নেই অন্তর্যামি। না খেয়ে শরীর ভেঙ্গে পরলে তোমার নিজের বেঁচে থাকা কষ্টকর হয়ে পরবে।
উমা কিছু বলল না। অলকে খেয়ে দেয়ে শুয়ে পড়ল। আমিও বেশী রাত না করে টিভির ১১টার নিউজ শুনে শুতে গেলাম। রাতে-ত আমার কোন কালেই ভালো ঘুম হয় না। সেত জানা কথা, তবু এপাশ-ওপাশ করে রাতে ঘণ্ট গুলি গুনে দেখলাম। অলক বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। সুশান্তর ভাই, সুকান্ত বেশ দায়িত্ব পালন করে দেখাচ্ছে। নিজের ছেলেকে লন্ডন থেকে পাঠিয়েছে ভাইর বৌর খোঁজ-খবর নেবার জন্য। ও যেতে চাইলে পাবনা পাঠাবার বন্দোবস্ত করে দিতে। প্রশংসা কিছুটা করতে হয়। খোঁজ না নিলেও কোন কিছু আসে যায় না। বিশেষ করে উমা আবার নিঃসন্তান। সেজন্য রক্তের টান সম্ভবত কমই থাকার কথা। আমি খুব ভোরে উঠে চা-নাশতা করে বাহিরে যাবার জন্য পা বাড়ালাম। অলক তখনও শুয়ে ঘুমুচ্ছিল। আমি ডাকলাম না। ভাবলাম ঘুমুক। সেদিন ইউনিভার্সিটির কাজ ছাড়া বাইরে আমার যেন কি একটা জরুরী কাছ ছিল। দোলাকে বললাম, আজ আমার ফিরতে দেরী হবে। তোমরা খেয়ে নিয়ে বিশ্রাম করো। অলককে খাইয়ে-দাইয়ে বিকেলে যাওয়ার পথে ওর কোন সাহায্যের প্রয়োজন হলে কারো।
(চলবে——)
