মধ্যরাত : পর্ব-১৩৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : হেমন্তের কুয়াশা হিম বিকেলে বেরুলেই দেখি শুধু মশার ডানা ঝরিয়েই ক্ষান্ত হয়না। শরীর ম্যাজ ম্যাজ, গলা ব্যথা। এত সকলেরই দেখি একটু একটু কেন ? বেশ ভোগে। আমি এইত কদিন আগেই অসুখের থেকে উঠলাম। আবার না এখানে এসে অসুখে পরি। সবেধন টরেন্টোর মত জায়গায় হেমন্তের এই কুয়াশা ডানা মেলে বসতে পারে। শুতে পারে ? সবেধন কয়েকটা লেক পার্ক তাও গাছে গাছে একাকার। জীবনানন্দের সেই মাঠের পর মাঠ হেমন্তের শূন্য মাঠ। কোথায় তারে পাব এই সাত সমুদ্র তের নদীর পাড়ে।
আমি সুশান্তকে বললাম, তুই কচের দাদার সাথে পাকা কথা বল। ওরা ভীষণ আগ্রহ করে বসে আছে। কচের বন্ধু হিমাদ্রিকে দিয়ে বিয়ের সম্বন্ধ দিয়েছে। ভার্জিনিয়ায় কুসুম ডোরাকে ধরে আমার কাছে সম্বন্ধ পাঠিয়েছে। খালি কচের বৌদি (মাধুরী) নিজ মুখে আমার বাড়ীতে থাকাকালীন কিছু বলেনি। সুশান্ত বলল, আমি দু’একদিনের ভিতরই বিশ্বজিৎকে বলব। তুই তাড়াতাড়ি বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠ। কচের দাদা নাম (বিশ্বজিৎ) আজই সুশান্তর মুখ থেকে শুনলাম। কচ মাঝে মাঝে আসে। আমার ঘরে এসে আমার সাথে গল্প করে। বেহালা-গীটার বাজিয়ে বিভিন্ন গানের সুর তুলে আমাকে শোনায়। আমার আনন্দ লাগে। দোলা এখন আর কচের কাছে আসতে চায় না। লজ্জা পায়। উমাই চা নাশতা দেয়।
সেদিন সুশান্ত, উমা কচের দাদা বিশ্বজিৎ বাবুর কাছে গেল পাকা কথা বলার জন্য এবং ওদের দোলাকে দেখে পাকা কথা বলে আশির্বাদ করার জন্য বলতে। আমি দায় দায়িত্ব সুশান্ত ও উমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছি। সেদিন সুশান্ত বলল, বিশ্বজিৎ বাবু পঞ্জিকা দেখে পাকা দেখার কথা ও দিন ঠিক করেছে। ওনি বললেন, আমরা সেই সঙ্গে আশির্বাদ করে যাব। আমি বললাম, কোন তারিখ, কোনদিন, কোন বার। আমি বললাম, নভেম্বরের ১৪ তারিখ বিকেল ৭টায়। আমি বললাম, সুশান্ত ডোরাকে ডাক। সুশান্ত বলল, তুই বললেই ভাল। আমি বললাম, তোকেই-ত আমি সব কিছুর ভার দিয়েছি। তবু সুশান্ত বলল, না প্রশান্ত ডোরাকে তুই বললেই বেশি খুশী হবে।
আমি সন্ধ্যার দিকে ডোরাকে ফোন করলাম। হ্যালো ডোরা কেমন আছ ? ভাল। তুমি ? ভাল। জান ডোরা আমি সুশান্তর কাছে এসেছি। শোন তোমার অনুরোধ রাখলাম, দোলার আশির্বাদ ও পাকা দেখা দেখতে আসছে কচের দাদা বিশ্বজিৎ। নভেম্বরের ১৪ তারিখ বিকেলে, তুমি এস। আসলে আমি ভীষণ খুশী হব। ডোরা বলল, সুশান্ত আমি চেষ্টা করবো আসতে, আসলে ফোন করে জানাব। বড়দিকে একটা চিঠি দিলাম। আমি অসুস্থ হয়ে আবার এখন সুস্থ হয়ে, টরেন্টোয় আমার বন্ধু সুশান্তের ওখানে আছি এবং ওখান থেকেই দোলার বিয়ে ও তাকে সমর্পণ করা হবে। টাকা-পয়সা যা লাগে সব আমি দেব। বড়দি যেন চিন্তা না করে। শুধু ওদের বললাম দোলার জন্য আশির্বাদ করে, ও যেন চির সুখী হয়।
টরেন্টোর এক স্বর্ণাকারের দোকানে দোলার গলার, কানের, হাতের গহনার অর্ডার দেয়ার কথা মনে মনে চিন্তা করলাম। সুশান্ত বিকেলে ভার্সিটি থেকে এলে পর বললাম, চল সুশান্ত উমাকে দোলাকে নিয়ে গহনার দোকানে যাই। সুশান্ত বলল, আজ থাক; কাল ৯টা পর্যন্ত দোকান খোলা থাকে, কাল যাব। আমি বললাম বেশ। সুশান্ত বলল, ডোরাকে ফোন করেছিলে ? বললাম হ্যাঁ। সুশান্ত বলল মিস কি বলল ? বলল চেষ্টা করবে। তারপর দিন সুশান্ত ভার্সিটি থেকে আসার পর দোলা উমা আমি গহনার দোকানে গেলাম। ক্যাটালগ দেখলাম। দোলাকে ও উমাকে দেখতে বললাম, দোলা কয়েকটা দেখে অনেক ভেবে চিন্তে সুন্দর ডিজাইনের একটা নেকলেস পছন্দ করল। কানেরও একটা গহনা পছন্দ করল। হাতের চুরি পছন্দ করল।
(চলবে——)
