মধ্যরাত : পর্ব-৭৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : বলল প্রশান্ত দা বড় দেরী হয়ে গেল না ? আমি বললাম তোমার দেরী দেখে আমি নিজেই নিয়ে খেতে বসেছি। আমি বললাম, উমা এ কাজটা ভাল করলেনা, তুমি একা গেলেই ভাল করতে। দোলাকে এভাবে ও বাড়ীতে নিয়ে ভাল করলে ? উমা আমার পানে চেয়ে বলল, কুসুমের বৌদি বললে তাই। কুসুমের বৌদি অনেক কিছু বলবে। সব কিছু আমাদের শুনতে হবে ? উমা শত অপরাধীর মত মুখ নীচু করে পায়ের বুড়ে নখ দিয়ে কার্পেটের গায়ে খুঁচে খুঁচে দেখছিল। আচ্ছা প্রশান্ত দা ভুল হল। আশা করি আমাকে ক্ষমা করবেন। আর তা ছাড়া আমি ছেলে মানুষ, সব কিছু এখনও ভাল করে বুঝে উঠতে পারিনি।
আমি মুচকি মুচকি হাসছিলাম বললাম, তা তোমার যাওয়ায় কি উপকার হল ? কচ খাওয়া দাওয়া করল ? উমা আমার কথায় এবার দিগুন উৎসাহ দেখায়ে বলল, জানেন প্রশান্ত দা- আমি দোলা যাওয়ার পর ওর ঘরে গিয়ে যেই নাম ধরে ডাকলাম, কচ উঠে বসল। কুসুমের বৌদি বলল, কি এই দেখ দেবযানীকে দেখে কচ এর সব ব্যথা বেদনা ভাল হয়ে গেল। দোলা লজ্জা পেয়ে ঘর থেকে বারান্দায় দাঁড়িয়ে ছিল। জানো প্রশান্ত দা এই কুসুমের বৌদি দোলাকে দেবযানী বলে ডাকে। এ আমার মেটেই ভাল লাগে না। উমা বলল, ওর নাম দোলা। কি মিষ্টি নাম। আর এ নাম যে ওনি কোথায় পেলেন ? আমি বললাম উমা সঞ্চয়িতাতে বিদায় অভিশাপ কবিতা পড়নি ? উমা বলল আমার মনে পড়ে না।
আমি বললাম, আমি পড়েছি দেবযানী কচ। উমা বলল, প্রশান্ত দা আপনি দোলার বিয়ে দেবেন না ? আমি বললাম, দোলার বিয়ের মালিকত আমি না। ওর বাবা-মা রয়েছে, দিদিমা রয়েছে তারা দেখবেন। আমার এখানে পড়াশুনা করতে এসেছে এটাই জানি। আর তাছাড়া দোলা নিজেও এখন বড় হয়েছে। ভাল-মন্দ বুঝতে শিখেছে, নিজেও বিয়ে করতে পারে। যখন এসব আলাপ চলছিল উমার সাথে তখন দোলা পাশের ঘরে গিয়েছে আমি আর কথা বাড়ালাম না।
সেদিন বিকেলে দিকে সুশান্ত বলল, প্রশান্ত চল কোথাও ঘুরে আসি। বললাম, চল ও আর আমি হেটে হেটেই ফুটপাথ দিয়ে অনেক পুরান গল্প করতে করতে চলছিলাম। হঠাৎ কুসুমের দাদার সাথে পথে দেখা। ভদ্রলোক একদম ধরে জোর করেই নিয়ে গেলেন বাড়ীতে। ঢুকেই চেঁচামেচি শুরু, ওগো তুমি কই কোথা ? সুশান্ত বাবুকে নিয়ে এলাম একটু চা দাও। বাব্বা- বিয়ের যা ঝকমারি গেল, তা আপনার অতিথিদের সাথে একটু গল্প করতেও পারিনি। গিন্নি বলেন, যা ভাল মানুষ ওরা। বাড়ীর সবাই খুব ভাল খুব মিশুক। আমার দিকে চেয়ে বললেন, ওনার নাম বুঝি প্রশান্ত বাবু ? ওনার নাতনীর কথা-ত আমার গিন্নির মুখে খুব শুনি, দেখতে নাকি দুর্গারমত। ভদ্রলোক এক সাথে এত কথা বলতে লাগলেন যে আমাদের আর কথা বলার সুযোগ দিলেন না।
(চলবে———–)
