মধ্যরাত : পর্ব-৪১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : তবু ওকে আমি ভালবাসি। ডোরার কণ্ঠ আমাকে উদার হতে শেখায়। ডোরার ভালবাসায় আমি নতুন করে প্রতিদিন জন্মগ্রহণ করি। আমার সমস্ত উদারতা সঞ্চিত আছে ডোরার কণ্ঠের স্বাধীনতার জন্য। ডোরা যা বলে সেটাই আমার জীবনের মহালগ্ন। অনেকক্ষণ অমিয়র সাথে গল্প করে বাসায় ফিরে এলাম। সুশান্ত উমা দুপুরের খানা নিয়ে টেবিলে বসেছিল। ডোরা না থাকাতে যেন সমস্ত পৃথিবী আমার কাছে মূল্যহীন লাগছে। তবুও টেবিলে খেতে বসলাম। উমা এটা সেটা পাতে তুলে দিচ্ছিল। সুশান্ত আড় চোখে আমাকে দেখছিল। বলল, প্রশান্ত আমাদের যাওয়ার দিন ঠিক করতে হয়, বেশ কাটল এ কয়দিন। সত্যি এবারের ছুটিটা বেশ উপভোগ করলাম। ফোন বেজে উঠল, দৌড়ে গিয়ে রিসিভার তুলে নিলাম। ফোন রেখে এসে বললাম, দোলা আসছে এ সপ্তাহে।
দোলার আসার সংবাদে আমার যেন মন প্রাণ কি এক অজানা আনন্দে ভরে গেল। ডোরা চলে যাওয়াতে যে রিক্ততা আমার বুকে দানা বেঁধেছিল, তা যেন শূণ্যে মিলিয়ে গেল। নিজকে একা আর ভাল লাগে না, একজন কেউ কাছে থাকলে তবু যেন জীবনটা কানায় কানায় আনন্দে ভরে থাকতে চায়। সুশান্তকে বললাম, দোলা পর্যন্ত ছুটি বাড়িয়ে ক’দিন আরও থেকে যানা ? সুশান্ত বলল, না ভাই আর থাকতে পারব না। তুই বরং দোলা আসলে পর ওকে নিয়ে টরেন্টোতে এসে বেড়িয়ে যা। সুশান্ত ও উমা যাওয়ার জন্য তোড় জোড় চালাচ্ছে। কাপড়-চোপড় গুছিয়ে নিল। সত্যি এ কয়দিন উমার হাতের রান্না খেয়ে যেন মনে হচ্ছিল মা-মাসি মার হাতের রান্নাই খাচ্ছি। ওদেরও যাওয়ার দিন এসে গেল।
সুশান্ত থাকাতে আমার যেন দিনগুলি বেশ আনন্দেই কেটে যাচ্ছিল। বিশেষতঃ উমার হাতের রান্না খেয়ে আমার যেন জিহ্বায় খাওয়ার স্বাদ এসে গিয়েছিল। যেন মায়ের হাতের রান্নাই খেয়ে যাচ্ছিলাম। উমার মায়া, মমতা, ¯েœহ আমাকে মা-মাসি’মা, পিসীমা এদের কথাই বার বার স্মরণ করিয়ে দেয়। কোন চাওয়া নেই, কোন পাওয়া নেই। হতাশা নেই, ব্যর্থতা নেই, আশা নেই, দাবী নেই। ফুলের মত সুগন্ধ ছড়িয়ে সকলকে সকলের মন মুগ্ধ করে। ধন্য মেয়ে উমা, দেখতেও সুন্দরী ডাগর ডাগর দু’টো চোখ যেন অলক্ষে থেকে না জানা কত কথা বলে যায়। সত্যি সুশান্ত খুব ভাগ্যবান। কাল সকালেই ওরা যাচ্ছে। সুশান্ত বলল, প্রশান্ত সামারে আসবি কিন্তু। উমা বলল, আসছেনত সামারে ? আমি বললাম, সবই ভগবানের ইচ্ছে। ওদের সাথে ডাউন টাউন পর্যন্ত গেলাম। তারপর ওরা চলে গেল বাসে করে। মনটা যেন সব হারানোর ব্যথায় ব্যথিত হয়ে উঠল।
বাসায় এলাম আজ আর যেন কিছুই ভাল লাগছেনা। তবুও ইউনিভার্সিটিতে রাতের দিকে না জানি বিকেলে ক্লাশ ছিল, গেলাম। বন্ধু-বান্ধব সকলের সাথেই কমনরুমে দেখা হল। সকলেই ঠাট্টা করল, কিরে ডোরা গেল ? মিস গেল ? দুর তুই একটা আস্ত বোকা, মেয়েদের কিরকম করে কাবু করতে হয়, তাও জানিস না ? এতদিন থাকল। বললাম ভাই যে ঘুমায় তাকে জাগান যায়। কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে কি করে জাগাব ? যাক ভাই আমার আর এখন বিয়ের সখ নেই। এখন নাতনী আসছে, সেই আমাকে দেখাশুনা করবে। ভালবেসে যখন ওকে কাছে পেতে চেয়েও পাইনি, তখন সে মোহ আমার ভেঙ্গে গেছে। ডোরাও যখন চাইছেনা জড়াতে, তখন সেও চায় আমার বন্ধুত্ব থাক, ভালবাসা থাক, অভিন্নতা থাক, অন্তরঙ্গতা থাক, শুধু এইটুকু মনের পরিচয়। কিন্তু দৈহিক কোন সম্বন্ধ নয়, তখন আমারও তাই মনে হয় ভাল।
(চলবে——-)
