ভোলায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ধোয়ামোছার কাজ

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর এখন প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার খবরে যেন নড়েচড়ে উঠেছে কর্মকর্তা ও কর্মচারি ও শিক্ষক-অভিভাবকরা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে খুশি শিক্ষার্থীরা।
এদিকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে এমন খবরে সারা দেশের মতো উপকূলীয় দ্বীপ জেলা ভোলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। শিক্ষা অফিসাররা বলছেন, তারাও সকল প্রস্তুতি নিচ্ছেন। চলছে সভা-সমিতির কাজ। দেওয়া হয়েছে যথাযথ নির্দেশনা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু করা হয়েছে ধোয়ামোছার কাজ। এসব স্কুলে শনিবার সকালেই চলে আসে শিক্ষক-কর্মচারিরা। তারা ধোয়ামোছার কাজ শুরু করে দিয়েছে। তবে, অধিকাংশ স্কুলের শিক্ষক-কর্মচারিরা দুপুর ১ টার পরই বাড়ি চলে গেছেন। অনেক স্কুলের প্রধান শিক্ষক-কর্মচারিদেরকে আবার দুপুরেও অফিসে কাজ করতে দেখা গেছে।
দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ভোলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘাস উঠতে দেখা গেছে। ফলে সেই ঘাস খেতে গরু-ছাগল চড়তে দেখা গেছে। তাই, অনেক স্কুলের মাঠ এখন গোচারণ ভূমিতে পরিনত হয়েছে। আবার অনেক স্কুলের গভীর নলকূপ নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামতের কাজ চলছে।
শহরের উকিল পাড়া এলাকার ৮৭ নং পশ্চিম ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বিভিন্ন ঘাস উঠে গেছে। সেই ঘাসগুলো খাচ্ছে তিনটি ছাগলে। স্কুলের সামনে গভীর নলকূপের কাজ করছে একজন শ্রমিক। সেই কাজের দেখবাল করছেন ওই স্কুলের এমএলএসএস মোঃ হোসেন। জানতে চাওয়া হলে এমএলএসএস হোসেন বলেন, গত দুই দিন আগে স্কুলের গভীর নলকূপটি নষ্ট হয়ে গেছে। তাই, এটি মেরামতের কাজ করানো হচ্ছে। তিনি আরও বলেন, স্কুল খুলে যাবে তো! তাই, দ্রুত নলকূপের কাজ করানো হচ্ছে। এ ব্যাপারে ৮৭ নং পশ্চিম ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি ফাতেমা বলেন, স্কুল খোলার খবরে আমরা স্কুলের ধোয়ামোছার কাজ শেষ করে সকল প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, গত ১৫ আগষ্ট থেকেই স্কুলের ধোয়ামোছার কাজ শুরু করেছি। আজ পুরোদমে ধোয়ামোছার কাজ শুরু করেছি।
১৮১ নং উকিল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা গেছে সেই স্কুল মাঠে বিশাল ঘাস উঠছে। দুপুর ১ টার পর অবশ্য স্কুলের শিক্ষক-কর্মচারীরা স্কুল বন্ধ রেখে বাড়ি চলে যান। ওই স্কুলের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুলের সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত থেকে ধোয়ামোছার কাজ করেছেন। এরপর সবাই বাড়ি চলে গেছেন। তিনি আরও বলেন, আমাদের স্কুল গত ১৫ আগষ্ট থেকেই খুলে ধোয়ামোছার কাজ করা হয়েছে। এ স্কুলটি এখন খোলার উপযোগী করে তোলা হয়েছে। দুপুর দেড়টার দিকে ৬ নং মধ্য শিবপুর মৌলভী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বন্ধ দেখা গেছে। তবে, ওই এলাকার স্থানীয় কাঠ ব্যবসায়ী মোঃ ফারুক বলেন, সকাল থেকে স্কুলট ধোয়ামোছার কাজ শেষ করে একটু আগেই শিক্ষক-কর্মচারিরা চলে গেছেন।
ওই স্কুলের মাঠে একটি গরুকে ঘাস খেতে দেখা গেছে।
২০১ নং শিবপুর কালিকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সকাল থেকে ধোয়ামোছার কাজ শেষ করে দুপুরের দিকে শিক্ষকরা বাড়ি চলে গেছেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে দৌলতখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ভোলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে বাকি স্কুলের ধোয়ামোছার কাজ শেষ করে স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকল স্কুলে পর্যাপ্ত মাস্ক ব্যবহার, হেন্ড সেনিটাইজার ব্যবহার ও গভীর নলকূপের বিশুদ্ধ পানি এবং সাবান দিয়ে হাত ধোঁয়াসহ সকল ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার থেকে স্বশরীরে সকল শিক্ষা অফিসার স্কুল ভিজিট করবেন। এবং আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা অধিদপ্তরে রিপোর্ট পেশ করতে হবে।
