সর্বশেষঃ

লকডাউনের প্রভাব খেঁয়া ঘাটে ।। পরিবার নিয়ে দুশ্চিন্তায় মাঝিরা

চলমান লকডাউনে প্রভাব পড়েছে মেঘনা তেঁতুলিয়ায়। ফাঁকা রয়েছে মেঘনা তেঁতুলিয়ার তীরের খেঁয়া ঘাটগুলো। লকডাউনের কারণে ঘাটগুলোতে নেই মানুষের হইচই, মাঝিদের হৈ হুল্লোড়। নিস্তব্ধ ঘাটগুলোতে অলস সময় কাটাচ্ছেন নদীর এপার-ওপারের নৌকার মাঝিরা।

তারা প্রহর গুণছেন যাত্রীদের আগমনের । যাত্রী না পাওয়ায় দুঃসময় কাটছে তাদের চলমান লকডাউনের চতুর্থ দিনে মেঘনার জোড়খাল খেয়া ঘাট,তেঁতুলিয়ার চর মহিশা ঘাট,রাজাপুরের জালু বয়াতি ঘাট, আলমগিরের ঘাটসহ বিভিন্ন ঘাটে এমন চিত্র দেখা যায়। এ সময় হাতেগোনা যে কজন যাত্রী আসে, তাদের পারাপার করে জ্বালানির খরচও তুলতে পারছেন না মাঝিরা।

মাঝিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এপার-ওপার হতে একটি নৌকায় বেশ কজন যাত্রী নেয়া হতো, জনপ্রতি ভাড়া ছিল ২৫-৩০ টাকা। লকডাউনে নতুন নির্দেশনায় যাত্রী পারাপারে এখন নৌকায় কোন যাত্রী হচ্ছে না। কয়েকজন মাঝির সাথে ভোলার বাণী প্রতিবেদকের কথা হলে তারা জানান, গত তিনদিন থেকে যাত্রী পাই না। তারা আরও জানান, দুপারেই একই অবস্থা। দুই জায়গায়ই যাত্রীর জন্য অনেক্ষণ অপেক্ষা করতে হয়। আগে মানুষ ব্লকপাড়ে ঘুরতে আসতো, এখন তাও আসে না। আমাদের দেখার কেউ নাই।

এ সময় সংশ্লিষ্টদের কাছে ত্রাণের দাবিও জানান তারা।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের ফলে এমন প্রভাব পড়েছে মেঘনা, তেঁতুলিয়া, ও মাসকাটা নদী পারাপারে নিম্ন আয়ের মাঝিদের ওপর। বৈঠা হাতে অবিরাম ছুটে চলা মাঝিরা এখন সময় গুণছেন, কবে শেষ হবে লকডাউন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।