সর্বশেষঃ

লালমোহনে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভোলার লালমোহনে সৎ বাবাকে ফাঁসাতে আপন মা’কে হত্যা করে পুকুরে ফেলে দেয় ছেলে। ওই খুনের ঘটনায় জড়িত থাকায় ছেলের বন্ধু আলাউদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলমের নেতৃত্বে একদল পুলিশ, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামবুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেন। আলাউদ্দিন, কালামবুল্লাহ গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার কালামবুল্লাহ গ্রামে সৎ বাবা জয়নাল কবিরাজকে ফাঁসাতে আপন মা বিবি ছকিনা বেগমকে খুন করে পুকুরে ফেলে দেয় ছকিনা বেগমের ছেলে ছবিরুল। পরদিন ছকিনা বেগমের ছেলে ছবিরুলকে প্রধান আসামী করে পাঁচ জনের বিরুদ্ধে লালমোহন থানায় হত্যা মামলা করেন ছকিনা বেগমের দ্বিতীয় স্বামী জয়নাল কবিরাজ। দীর্ঘ প্রায় ১৯ বছর শুনানীর পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
এর আগে জেল হাজতে থাকা অবস্থায় ২০১৩ সালে মারা যায় ছকিনা বেগমকে হত্যাকারী ছেলে ছবিরুল। গ্রেফতার হওয়া আলাউদ্দিন, ছবিরুলের বন্ধু এবং ছকিনা বেগম হত্যায় জড়িত ছিল। অপর ৩ আসামী আলকাছ, নুর ইসলাম এবং ছিটু মিয়া এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।
লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম জানান, গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে ছকিনা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন কারান্ডাদেশের ওয়ারেন্ট ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।