ঘূর্ণিঝড় ‘আকভান’: ভোলায় টানা বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার উপকূলীয় এলাকায় দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনাসহ উপকূলের নদ-নদী। বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। অন্যদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে তরমুজের বীজতলা ও পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালকসহ খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে না পারায় আর্থিক সংকটে পড়েছেন।
এদিকে মেঘনা নদী উত্তাল থাকলেও ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষ্মীপুর নৌপথে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে দমকা হাওয়ার কারণে নৌপথে চলাচলকারী যাত্রী ও চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃষ্টিপাত অব্যাহত থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। ভোলার চরের কৃষক আবদুল মান্নান বলেন, “দুই দিনে যে বৃষ্টি হয়েছে, এখন আর না হলে আমাদের উপকার হবে। কিন্তু এভাবে বৃষ্টি হতে থাকলে তরমুজের বীজতলায় ব্যাপক ক্ষতি হবে।”
একই শঙ্কার কথা জানিয়ে বৈরাগী চরের কৃষক শরীফুল ইসলাম বলেন, “লাখ লাখ টাকার বীজতলা নিয়ে আতঙ্কে আছি। বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মুখে পড়তে হবে।”
সম্ভাব্য ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কৃষি বিভাগও। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে বীজতলা ও পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হবে। তবে এখন বৃষ্টি থেমে গেলে কৃষকরা লাভবান হবেন।”
