প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছ লাগালেন ছাত্রদল নেতা আবু জাফর
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

বৈরী আবহাওয়ায় কক্সবাজার–সেন্টমার্টিন রুটে বন্ধ জাহাজ চলাচল। এতে প্রবালদ্বীপটিতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে বাড়তি থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পরিবহন বুকিংয়ের আর্থিক ক্ষতিতেও পড়েছেন অনেকে।
ঢাকার বনশ্রী থেকে ১২ বন্ধু মিলে দুইদিনের জন্য সেন্টমার্টিন বেড়াতে আসেন শরিফুল হোসাইন। বুধবার ও বৃহস্পতিবার ভ্রমণ শেষে শুক্রবার ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছেন দ্বীপে।
শরিফুল হোসাইন জানান, তারা দুই দিনের জন্য সেন্টমার্টিনে এসেছিলেন। আজ বিকেল চারটার জাহাজে তাদের কক্সবাজারে ফেরার কথা ছিল। জাহাজ না ছাড়ায় তাদের দ্বীপে আরও কিছু সময় থাকতে হচ্ছে। আজই কক্সবাজার থেকে ফেরার বাসের টিকিট কাটা ছিল। এখন সেই টিকিটও ফেরত দিতে হচ্ছে।
নির্ধারিত সময়ে ফিরতে না পারায় শরিফুলের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটক আটকা পড়েছেন প্রবালদ্বীপে। বাড়তি অবস্থানের কারণে গুনতে হচ্ছে হোটেলভাড়া ও খাবারের খরচ। পাশাপাশি আগে থেকে বুকিং দেওয়া পরিবহনের টাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এক পর্যটক জানান, তারা সেন্টমার্টিনে আটকা পড়েছেন। অনেকেই নানা কাজে ফিরতে চান, কিন্তু দ্বীপ ছাড়তে পারছেন না।
আরেক পর্যটক জানান, দুই দিনের জন্য বেড়াতে এসেছিলেন তারা। সময়মতো ফিরতে না পারায় তাদের পরিকল্পনা বদলে গেছে, বাড়তি খরচও হচ্ছে। এদিকে পরিবারের লোকজনও তাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন।
জাহাজ মালিক সমিতির তথ্য বলছে, সবশেষ বুধবার চারটি জাহাজে ১,২০০ পর্যটক সেন্ট মার্টিন যান। আগে থেকেই দ্বীপে ছিলেন আরও তিন শতাধিক। পর্যটকদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন স্থানীয় হোটেল ও ব্যবসায়ীরা। আবাসন ভাড়ায় ছাড়ের পাশাপাশি খাবারেও দেওয়া হচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে এক হাজার থেকে দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তার ধারণা, সেখানে থাকতে পর্যটকদের কোনো অসুবিধা হচ্ছে না।
আরেক হোটেল ব্যবসায়ী জানান, ২৪ ঘণ্টা জেনারেটর চালাতে জ্বালানি খরচ হয়। তা সত্ত্বেও দ্বীপে আটকে পড়া পর্যটকদের তারা সাধ্যের মধ্যে সর্বোচ্চ ছাড় দিচ্ছেন।
তবে সাগর পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে জাহাজ চলাচল, বলছে প্রশাসন।
