সর্বশেষঃ

জনগণকে বাদ দিয়ে তাদের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই

‘জনগণকে বাদ দিয়ে, তাদের মতামতকে উপেক্ষা করে আপনারা দেশ পরিচালনা করবেন—এটা সম্ভব নয়। জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে।’ বিএনপির উদ্দেশে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত জেলা দ্বিবার্ষিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ‘১৯৭১ সালের পর যাদের আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তাদের কাছে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তার প্রতিফলন দেখতে পাইনি। বরং তারা জাতির আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেছে। বিভিন্ন সময়ে আন্দোলন-অভ্যুত্থানে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার যুবক ও মেহনতি মানুষ বৈষম্য দূর করার প্রত্যাশায় অকাতরে জীবন দিয়েছেন। কিন্তু যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন কতটুকু ঘটেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি জাতির সামনে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র সংস্কার ও দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গণভোটের যে আয়োজন করা হয়েছিল, সেই গণভোটের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। কিন্তু প্রায় এক বছর হতে চললেও আপনারা বাস্তবায়নের পথে কতটুকু এগিয়েছেন, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আপনারা আসলে কী চান, সেটিও পরিষ্কার করতে হবে। জনগণকে বাদ দিয়ে তাদের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা করবেন, এটা সম্ভব নয়।’

আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড করেছে, তার পেছনে দেশপ্রেমের অভাব রয়েছে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বন্ধুদের বলতে চাই, আমরা বিভিন্নভাবে দেশ পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসুন, সত্যিকারের দেশপ্রেম বুকে ধারণ করে সবাই মিলে দেশ পরিচালনা করি। তাহলে ইনশাআল্লাহ দেশে অতিসত্বর শান্তি ফিরে আসবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন মামুন।

সম্মেলনে প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইসরাফিল হোসেন মামুন, সহসভাপতি হিসেবে মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে বেলাল ফারুকীকে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আল-আমিন। তিনি বলেন, ‘এ দেশের যুবসমাজের হাতেই থাকার কথা ছিল দেশের চাবিকাঠি। কিন্তু দুঃখজনকভাবে আজ যুবকদের একটি অংশ মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমি আশা রাখি, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এ দেশের যুবসমাজ তাদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যুব আন্দোলনের একটি মৌলিক স্লোগান হচ্ছে—যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির নীতি ও আদর্শের ওপর অটল থেকে জাতিকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করছেন। আল্লাহর মেহেরবানিতে তিনি তাঁর সিদ্ধান্ত ও আদর্শে অবিচল রয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি ওবায়েদ বিন মোস্তফা, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি নুরুল ইসলাম পাটোয়ারীসহ ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।