সর্বশেষঃ

ভোলায় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো কার্যক্রম সরেজমিনে তদারকি ও পরিচালনা করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিআইএমএস) মোঃ আহসান হাবীব। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শেখ নজরুল ইসলাম এবং মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেদুল ইসলাম রানা দায়িত্ব পালন করেন।
এ সময় ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং নিয়োগের বিষয়ে কোনো দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার জন্য কঠোর সতর্কবার্তা দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ‘ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট’ (পিইটি) আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ভোলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের প্রয়োজনীয় প্রস্তুতিসহ যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।